![]()
ইবি রিপোর্ট
বন্ড সুবিধায় ইয়ার্ন আমদানিতে বিধিনিষেধ নিয়ে পোশাক রপ্তানিকারক ও স্থানীয় টেক্সটাইল মিলমালিকদের বিরোধ মেটাতে উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটিকে তিনি ২০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দিতে বলেছেন।
গতকাল (৯ নভেম্বর) সচিবালয়ে রপ্তানিকারক ও মিলমালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে এ নির্দেশনা আসে। বৈঠকে উপস্থিত সূত্র জানায়, ওই প্রতিবেদনের ভিত্তিতে পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু টিবিএসকে বলেন, উভয় পক্ষের বক্তব্য শুনে প্রধানমন্ত্রী কমিটিকে ২০ নভেম্বরের মধ্যে সমস্যা সমাধানের প্রতিবেদন জমা দিতে বলেছেন।
পোশাক শিল্পের, বিশেষ করে নিটওয়্যার রপ্তানির মূল কাঁচামাল ইয়ার্নের বড় অংশ আমদানি হয়। এই আমদানি মূলত শুল্কমুক্ত সুবিধায় হয়। স্থানীয় স্পিনিং মিলগুলোও একই পণ্য বানায়। কিন্তু আমদানিতে দাম কম হওয়ায় প্রস্তুতকারকরা দেশি সুতা না কিনে আমদানিতে ঝুঁকছেন বলে মিলমালিকদের অভিযোগ। আমদানি করা ইয়ার্ন দিয়ে পোশাক না বানিয়ে স্থানীয় বাজারে বিক্রির অভিযোগও আছে। এতে স্থানীয় মিলগুলো অসম প্রতিযোগিতায় পড়ছে।
সেপ্টেম্বরের শুরুতে সরকার বন্ড সুবিধায় ইয়ার্ন আমদানিতে বিধিনিষেধ আরোপ করে। শুল্কমুক্ত ব্যবস্থা বাতিল করে আমদানি করা ইয়ার্নের মূল্যের সমান ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার নিয়ম চালু হয়। এই ইয়ার্নে পোশাক বানিয়ে রপ্তানির পর প্রয়োজনীয় কাগজপত্র জমা ও রপ্তানি আয় দেশে এলে গ্যারান্টি অবমুক্ত হবে। এরপর থেকেই রপ্তানিকারক ও স্পিনিং মিলমালিকরা বিপরীত অবস্থান নেন।
গতকালের বৈঠকে রপ্তানিকারকরা অভিযোগ করেন, বিধিনিষেধের পর স্থানীয় স্পিনিং মিলমালিকরা আগের চেয়ে প্রায় ৭-১০ শতাংশ দাম বাড়িয়েছেন। তাঁরা আরও বলেন, এই বিধিনিষেধ ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগের কারখানার রপ্তানি ব্যাহত করছে।
মিলের প্রতিনিধিরা এ অভিযোগ অস্বীকার করে সুনির্দিষ্ট প্রমাণ চান। বাংলাদেশে কিছু সুতার দাম কেন বেশি পড়ে, তারও ব্যাখ্যা দেন তাঁরা।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) এক ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে জানান, গত কয়েক মাসে আন্তর্জাতিক বাজারে তুলার দাম কেজিপ্রতি ০.২৪ ডলার বেড়েছে। তাঁর ভাষ্য, ‘এজন্য কিছুটা দাম বেড়েছে। কিন্তু এর বাইরে অন্য কারণে দাম বাড়ানো হয়নি। রপ্তানিকারকরাও তাদের অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি।’ তিনি আরও জানান, আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি বর্তমান ব্যবস্থা বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।
বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, চট্টগ্রাম বন্দর থেকে খালাস পর্যন্ত চীন থেকে প্রতি কেজি ইয়ার্ন আমদানিতে খরচ পড়ে ৩.৩২ ডলার, ভারত থেকে ৩.৩০ ডলার। অথচ স্থানীয় স্পিনিং মিল থেকে একই সুতা কিনতে কেজিপ্রতি ৩.৮৫ ডলার লাগছে।
তিনি বলেন, ‘এত বেশি দামে ইয়র্ন কিনে কি আমরা বিশ্ববাজারে রপ্তানি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে?’ তাঁর সতর্কবার্তা, ‘আমরা না টিকে থাকতে পারলে তারাও অতিমুনাফা করে বেশিদিন টিকে থাকতে পারবেন না।’