• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > জমি হস্তান্তরের আগেই বিনিয়োগকারীদের পরিষেবা-চাহিদা যাচাই ইনভেস্ট বাংলাদেশের

জমি হস্তান্তরের আগেই বিনিয়োগকারীদের পরিষেবা-চাহিদা যাচাই ইনভেস্ট বাংলাদেশের

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৫:০৪
  • ১২

---

 

ইবি রিপোর্ট

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটে যাতে উৎপাদন পিছিয়ে না যায়, সে জন্য আগাম উদ্যোগ নিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। জমি হস্তান্তরের আগেই বিনিয়োগকারীদের এসব পরিষেবার চাহিদা যাচাই করা হচ্ছে।

সংস্থাটি সম্ভাব্য কারখানাগুলোর গ্যাস, বিদ্যুৎ ও পানির চাহিদার প্রাক্কলন সংগ্রহ করছে। কারখানা নির্মাণের সময়ের মধ্যেই প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করার পরিকল্পনা রয়েছে।

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী টিবিএসকে বলেন, কারখানা উৎপাদনে যাওয়ার সঙ্গে সঙ্গে যাতে প্রয়োজনীয় সংযোগ পায়, তা নিশ্চিত করতে জমি পাওয়া সব বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা হচ্ছে। তিনি বলেন, “যেসব বিনিয়োগকারীর কাছে আমরা জমি হস্তান্তর করছি, তাদের সবার কাছ থেকে গ্যাস, বিদ্যুৎ ও পানির চাহিদার প্রাক্কলন সংগ্রহ করছি।”

আশিক চৌধুরীর মতে, কারখানা নির্মাণে সময় লাগে। এই সময়েই পরিষেবা অবকাঠামো তৈরি করা সম্ভব। ফলে নির্মাণ শেষে গ্যাস, বিদ্যুৎ বা পানির সংকটে উৎপাদন শুরু পিছিয়ে যাওয়া এড়ানো যাবে।

এই উদ্যোগের মধ্যেই সম্প্রতি পাঁচটি কোম্পানি অর্থনৈতিক অঞ্চলে মোট ৩৯ দশমিক ৫ একর জমি বরাদ্দ পেয়েছে। প্রতিষ্ঠানগুলো ১০ কোটি ৯৫ লাখ ৩৬ হাজার ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এসব প্রকল্পে ৬ হাজার ৭১৪ জনের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

গত ১৮ অক্টোবর জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে জমি হস্তান্তরের সনদ পায় র‍্যানকন লুব্রিক্যান্টস লিমিটেড, হামকো করপোরেশন লিমিটেড, অপটিমাপ্লাস্ট লিমিটেড, স্যাভয় ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গোল্ডেন ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এর মধ্যে স্যাভয় ও গোল্ডেন ফুড যৌথভাবে ২০ একর জমিতে ৫ কোটি ২৮ লাখ ডলার বিনিয়োগ করবে। হামকো করপোরেশন ১০ একর জমি পেয়েছে, বিনিয়োগ হবে ৩ কোটি ৩৩ লাখ ৩৬ হাজার ডলার। র‍্যানকন লুব্রিক্যান্টস সাড়ে ৬ একর জমিতে ১ কোটি ৯৫ লাখ ডলার বিনিয়োগ করবে। অপটিমাপ্লাস্ট ৩৯ লাখ ডলারের প্রস্তাব দিয়ে তিন একর জমি পেয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৩৪টি প্লট বরাদ্দ হয়েছে। ১৬টি শিল্পপ্রতিষ্ঠান বাণিজ্যিক উৎপাদনে গেছে। আরও ১৫টি কারখানার নির্মাণকাজ চলছে।

অর্থনৈতিক অঞ্চলটিতে প্রায় আট হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রায় আট হাজার শ্রমিকসহ বৃহত্তর শিল্পাঞ্চলে মোট কর্মসংস্থান প্রায় ১৬ হাজার।

সর্বশেষ হিসাবে এনএসইজেডে দেশীয় বিনিয়োগ ১২ হাজার ৮১৫ কোটি টাকা। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ১৪ কোটি ৭০ লাখ ডলার। এ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার একর জমি উন্নয়ন করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21802 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 04:51:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh