![]()
ইবি রিপোর্ট
অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমেছে। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৪১ মাসের সর্বোচ্চে উঠেছে। অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতি নেমেছে ৫৪ মাসের সর্বনিম্নে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সোমবারের তথ্য অনুযায়ী, অক্টোবরে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে কমে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে তা ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। তবে গত বছরের অক্টোবরের ৮ দশমিক ১৭ শতাংশের চেয়ে এ হার কিছুটা বেশি।
শীতকালীন আগাম সবজি বাজারে আসায় খাদ্য মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে। সেপ্টেম্বরে এটি ছিল ৭ দশমিক ২২ শতাংশ। এক মাসে কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশীয় পয়েন্ট। এর আগে ২০২২ সালের এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২৩ শতাংশ।
খাদ্যবহির্ভূত খাতে চিত্র উল্টো। অক্টোবরে এ খাতে মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে। আগের মাসে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। গত ৪১ মাসে এটিই সর্বোচ্চ, যা ২০২৩ সালের মে মাসের রেকর্ড ৯.৯৬ শতাংশের কাছাকাছি।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. এম মাসরুর রিয়াজ বলেন, সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমা ইতিবাচক লক্ষণ। তবে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেশি থাকায় এখনই স্বস্তিতে থাকার সুযোগ নেই। তাঁর মতে, আগাম শীতকালীন সবজি আসায় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমেছে। কিন্তু জ্বালানির দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় এবং কাঁচামাল আমদানিতে ধীরগতির কারণে খাদ্যবহির্ভূত খাতে চাপ বাড়ছে।
তিনি ব্যাখ্যা করেন, সেপ্টেম্বরে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এর প্রভাব পরিবহনসহ নানা উৎপাদন ব্যয়ে পড়েছে। জ্বালানির দাম বাড়লে সেই প্রভাব ধীরে ধীরে অর্থনীতির অন্য খাতেও ছড়ায়। ফলে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার দাম বাড়ে।
মাসরুর রিয়াজ আরও বলেন, গত অর্থবছরে কাঁচামাল আমদানি কিছুটা বাড়লেও চলতি অর্থবছরে আবার শ্লথগতি বা হ্রাসের প্রবণতা আছে। এতে উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে এবং বাজারে সরবরাহ সীমিত থাকছে। এই সংকটও মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে। মূল্যস্ফীতি কমার প্রবণতা টেকসই করতে উৎপাদন ও সরবরাহ পরিস্থিতির উন্নতি জরুরি।
গ্রামে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরে
গ্রামীণ পর্যায়ে অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি সামান্য কমে ৮ দশমিক ২৯ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে ছিল ৮ দশমিক ৩৮ শতাংশ। ২০২৫ সালের অক্টোবরে ছিল ৮ দশমিক ১৬ শতাংশ। গ্রামে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ১৮ থেকে কমে ৬ দশমিক ৩৭ শতাংশ হয়েছে। খাদ্যবহির্ভূত খাতে তা ৯ দশমিক ৫৭ থেকে বেড়ে ১০ দশমিক ২১ শতাংশে উঠেছে।
শহরেও খাদ্যবহির্ভূত খাতে বৃদ্ধি
শহরাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ থেকে সামান্য কমে ৮ দশমিক ২৫ শতাংশ হয়েছে। খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ২৫ থেকে কমে ৬ দশমিক ৪২ শতাংশ। খাদ্যবহির্ভূত খাতে ৮ দশমিক ৯৪ থেকে বেড়ে হয়েছে ৯ দশমিক ২৫ শতাংশ।
মজুরি বৃদ্ধির হার তিন খাতেই কমেছে
অক্টোবরে জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হার কমে ৭ দশমিক ৬৩ শতাংশ হয়েছে। সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৯০ এবং গত বছরের একই মাসে ৮ দশমিক ০১ শতাংশ। এক মাসে কমেছে শূন্য দশমিক ২৭ শতাংশীয় পয়েন্ট। গত ৫৭ মাস ধরে মজুরির হার মূল্যস্ফীতির নিচে রয়েছে।
কৃষি, শিল্প ও সেবা তিন খাতেই মজুরি বৃদ্ধির হার কমেছে। অক্টোবরে কৃষিতে ৭ দশমিক ৫৫, শিল্পে ৭ দশমিক ৬২ এবং সেবায় ৭ দশমিক ৯৬ শতাংশ। সেপ্টেম্বরে ছিল যথাক্রমে ৭ দশমিক ৮৯, ৭ দশমিক ৮৬ ও ৮ দশমিক ০৭ শতাংশ। সে হিসাবে কৃষিতে কমেছে শূন্য দশমিক ৩৪, শিল্পে শূন্য দশমিক ২৪ এবং সেবায় শূন্য দশমিক ১১ শতাংশীয় পয়েন্ট।