• হোম > আন্তর্জাতিক | বিনোদন > তৃতীয় সংসারও টিকল না, বিচ্ছেদের পথে পবন কল্যাণ

তৃতীয় সংসারও টিকল না, বিচ্ছেদের পথে পবন কল্যাণ

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৪:৫২
  • ১৬

---

ইবি বিনোদন ডেস্ক

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের তৃতীয় দাম্পত্য জীবনেও বিচ্ছেদ ঘটতে যাচ্ছে। স্ত্রী আন্না কোনিদালার সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সংসার শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পবন ও আন্না।

বিবৃতিতে দুজন জানান, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পর দাম্পত্য সম্পর্কের সমাপ্তি ঘটলেও বন্ধুত্ব বজায় রাখবেন তারা। পাশাপাশি সন্তানদের প্রতি অভিভাবক হিসেবে নিজেদের দায়িত্বও পালন করে যাবেন।

যৌথ বিবৃতিতে বলা হয়, ‘একসঙ্গে জীবনের দারুণ কিছু সময় পার করার পর আমরা দুজন পারষ্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটলেও আমরা ভালো বন্ধু এবং আমাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল অভিভাবক হিসেবে থাকব। সন্তানদের সুখ ও সুস্থতাই সব সময় আমাদের দুজনের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।’

এদিকে নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছেন পবন ও আন্না। এত দিন যারা তাদের পাশে ছিলেন, শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

পবন কল্যাণের ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিচ্ছেদের ঘটনা। ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেছিলেন তিনি। তবে দুই বছরের মাথায়, ১৯৯৯ সালে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে। এরপর ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পবন। এই সংসারে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। ২০১২ সালে দ্বিতীয় সংসারও ভেঙে যায়।

এর এক বছর পর রাশিয়ান বংশোদ্ভূত আন্না কোনিদালাকে বিয়ে করেন এই অভিনেতা। তাদের সংসারেও রয়েছে দুই সন্তান। এবার ১৩ বছর একসঙ্গে থাকার পর সেই সম্পর্কেরও সমাপ্তি ঘটানোর সিদ্ধান্ত নিলেন তারা।

অভিনেতা চিরঞ্জীবী ও নাগেন্দ্র বাবুর ছোট ভাই পবন কল্যাণের চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৯৬ সালে। ‘আক্কাদা আম্মায়ি ইক্কাদা আব্বায়ি’ সিনেমার মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। পরবর্তী সময়ে অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করেন।

চলতি বছরের মার্চে মুক্তি পাওয়া ‘ওস্তাদ ভগত সিং’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে পবনকে। ১৫০ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পবন। ২০০৮ সালে বড় ভাই চিরঞ্জীবীর প্রতিষ্ঠিত প্রজা রাজ্যম পার্টির যুব সংগঠন যুবরাজ্যমের সভাপতি হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। ২০১১ সালে রাজনীতি থেকে সাময়িক বিরতি নেন তিনি।

পরবর্তী সময়ে ২০১৪ সালের মার্চে নিজেই জনসেনা পার্টি গঠন করেন। একই বছর দলটির হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেন। তবে ২০১৯ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে দলটি ভালো ফল করতে পারেনি।

এরপর ২০২৪ সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনে তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে সাফল্য পায় জনসেনা পার্টি। এর ধারাবাহিকতায় অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব পান পবন কল্যাণ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21791 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 05:39:36 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh