![]()
ইবি রিপোর্ট
মানিকগঞ্জে রাতভর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি মিনিবাস। পাশাপাশি কয়েকটি এলাকায় টায়ার জ্বালানোর ঘটনাও ঘটেছে। এসব নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্কিং করা একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটি পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এসব ঘটনার পর সোমবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে মানিকগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ছয়জন, জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুজন এবং সিংগাইর ও দৌলতপুর থানা পুলিশের অভিযানে একজন করে আটক হয়েছেন। তবে আটক ব্যক্তিদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত বিস্ফোরণের ঘটনাগুলোর মধ্যে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়ের সামনে এবং পুলিশ সুপারের বাসভবনের আশপাশ। এ ছাড়া পাটুরিয়া পুলিশ ফাঁড়ি, ঘিওর বাসস্ট্যান্ড, ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া, ধলেশ্বরী সেতু, জাগীর সবজির আড়ত ও নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায়ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
অন্যদিকে জেলার সাটুরিয়া, শিবালয় ও সিংগাইর উপজেলার বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পাশাপাশি বাসস্ট্যান্ডে মিনিবাসে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।