• হোম > জাতীয় | বাংলাদেশ | শিক্ষা > এইচএসসিতে শূন্য পাসের হার, ১৫ কলেজের অধ্যক্ষকে তলব

এইচএসসিতে শূন্য পাসের হার, ১৫ কলেজের অধ্যক্ষকে তলব

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৪:৪৩
  • ২৫

---

ইবি রিপোর্ট

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও উত্তীর্ণ না হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব করা হয়েছে। ফলাফলের এমন পরিস্থিতির কারণ জানতে প্রতিষ্ঠানপ্রধানদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না কেন, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বোর্ড।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের কুমিল্লা শিক্ষা বোর্ডের সভাকক্ষে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ মুঠোফোনে বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তলব করা ১৫টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চাঁদপুর শহীদ পৌর জাবেদ স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের ক্যামব্রিজ সিটি কলেজ এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ।

এ ছাড়া রয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরের বগৈড় বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ, চাঁদপুরের মতলব দক্ষিণের আড়ং বাজার ডক্টর এন্ড শামসুল হক মডেল কলেজ এবং ফেনী সদরের বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ।

তালিকায় আরও রয়েছে লক্ষ্মীপুর সদরের বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জের আপার মডেল কলেজ এবং লক্ষ্মীপুর সদরের লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিরগাঁও উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের হাজিমিয়ার হাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং ফেনী সদরের বিকন মডেল কলেজকেও তলব করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ বলেন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, সেসব প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে অধ্যক্ষদের লিখিত জবাব দিতে হবে। পাশাপাশি বোর্ডের পক্ষ থেকে তাদের বক্তব্যও শোনা হবে।

অধ্যক্ষদের বক্তব্য পর্যালোচনার পর শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বোর্ড চেয়ারম্যান। ফলে শূন্য পাসের তালিকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নির্ধারিত হবে পরবর্তী নির্দেশনার ভিত্তিতে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21787 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 05:23:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh