• হোম > আন্তর্জাতিক | বিদেশ > হোয়াইট হাউসের সামনে গাড়ির ধাক্কা, লকডাউন প্রত্যাহার

হোয়াইট হাউসের সামনে গাড়ির ধাক্কা, লকডাউন প্রত্যাহার

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৪:৪৩
  • ১৪

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের বিপরীতে লাফায়েট পার্ক এলাকায় গাড়ি দুর্ঘটনা এবং পৃথকভাবে নিরাপত্তা ব্যারিকেড অতিক্রমের চেষ্টাকে কেন্দ্র করে সাময়িক লকডাউন জারি করা হয়েছিল। দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে মার্কিন সিক্রেট সার্ভিস। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছাকাছি পরপর দুটি নিরাপত্তা ঘটনা ঘটে। এর মধ্যে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লাফায়েট পার্কের পাশের ফুটপাতে উঠে যায়। অন্যদিকে, একই সময়ের কাছাকাছি এক ব্যক্তি নিরাপত্তা ব্যারিকেড টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এসব ঘটনার পর প্রেসিডেন্ট ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন। নিরাপত্তা বাহিনী ভবনের আশপাশে মানুষের চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার অংশ হিসেবে লাফায়েট পার্কের চারপাশের সড়কগুলোও বন্ধ করে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রুপালি রঙের একটি সেডান গাড়ি লাফায়েট স্কয়ারের উত্তর প্রান্তের বাঁধানো জায়গায় উঠে একটি নিরাপত্তা সংক্রান্ত সাইনবোর্ডের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ‘দ্য ওয়াশিংটন সান’-এর এক সাংবাদিকের ধারণ করা ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে ধোঁয়া বের হওয়ার মধ্যেই চালক বাইরে বেরিয়ে আসেন। পরে নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়।

একপর্যায়ে নিরাপত্তা কর্মীরা গাড়িচালককে হেফাজতে নেন। তবে তাঁর পরিচয়, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কিংবা এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল কি না, তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

হোয়াইট হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের এক প্রতিনিধি এএফপিকে বলেন, “সোমবার সকাল ১০টার দিকে কাল ১০টার ঠিক আগে, লাফেয়েট পার্কের উত্তর দিকে—১৬তম স্ট্রিট ও এইচ স্ট্রিট ও এনডব্লিউয়ের সংযোগস্থলে একটি গাড়ি ফুটপাতে উঠে পড়েছিল। সিক্রেট সার্ভিস পুলিশ এবং ন্যাশনাল গার্ড চালক আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন, তবে দ্রুতই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

এদিকে, লাফায়েট পার্কের উত্তর-পশ্চিম কোণের কাছেও আরেকটি নিরাপত্তা পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে এক ব্যক্তি ব্যারিকেড অতিক্রম করে ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা তাঁকে আটক করেন। সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে দ্বিতীয় ব্যক্তির গ্রেপ্তারের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

দুই ব্যক্তিকে গ্রেপ্তার এবং নিরাপত্তা অভিযান শেষ হওয়ার পর হোয়াইট হাউস ঘিরে আরোপ করা বিধিনিষেধ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে বন্ধ করে দেওয়া সড়কগুলো আবার চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

সিক্রেট সার্ভিস জানিয়েছে, পৃথক দুটি ঘটনারই তদন্ত চলছে। দুর্ঘটনায় কেউ আহত হয়েছেন কি না এবং গাড়িটি ইচ্ছাকৃতভাবে সাইনবোর্ডের খুঁটিতে আঘাত করেছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

হোয়াইট হাউসের ঠিক বিপরীতে পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ের অন্য পাশে অবস্থিত লাফায়েট স্কয়ার। প্রেসিডেন্ট ভবনের কাছের এই জনসমাগমস্থলে গাড়ি দুর্ঘটনা ও ব্যারিকেড অতিক্রমের চেষ্টার পর পুরো এলাকায় নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়।

সূত্র: এএফপি


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21785 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 05:13:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh