![]()
ইবি রিপোর্ট
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা নিয়ে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য পাঠানো হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে লগি-বৈঠা নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। সেখানে তারা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই কর্মসূচিতে যোগ দেন।
একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এরপর লগি-বৈঠা নিয়ে টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন তারা।
এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোপালগঞ্জ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য টুঙ্গিপাড়ায় পাঠানো হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছিল।
এদিকে দেশব্যাপী ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার রাতেও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সহিংস ঘটনার খবর পাওয়া গেছে। ওই রাতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধ করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব বিস্ফোরণের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে শহরের বেতগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। একই রাতে কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
সোমবার রাতের এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।