• হোম > তথ্য-প্রযুক্তি > সাইবার নিরাপত্তায় হামলার পর নয়, আগাম প্রতিরোধে জোর আইসিটি মন্ত্রীর

সাইবার নিরাপত্তায় হামলার পর নয়, আগাম প্রতিরোধে জোর আইসিটি মন্ত্রীর

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৪:১৬
  • ২০

---

ইবি রিপোর্ট

ডিজিটাল সেবার বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার হামলা ও তথ্য চুরির ঝুঁকি। এ পরিস্থিতিতে হামলার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করে প্রতিরোধের সক্ষমতা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, সরকারি তথ্য-উপাত্ত, গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো এবং নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি দক্ষ জনবল, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও কার্যকর নীতিমালা নিশ্চিত করা প্রয়োজন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা এবং ‘এক নাগরিক, এক পরিচয়, এক ওয়ালেট’-এর মতো উদ্যোগ এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। এসব ব্যবস্থার প্রসার মানুষের সামনে নতুন সম্ভাবনা তৈরি করছে। তবে ডিজিটাল নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার হামলা ও নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকিও বাড়ছে।

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন ফকির মাহবুব আনাম। তিনি বলেন, প্রথমত, গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো অবকাঠামো বা প্রযুক্তি ব্যবস্থার পরিকল্পনা ও নকশা তৈরির প্রাথমিক পর্যায় থেকেই সাইবার নিরাপত্তার বিষয়টি যুক্ত করতে হবে। অবকাঠামো নির্মাণের পর নিরাপত্তাব্যবস্থা যুক্ত করার চিন্তা না করে শুরু থেকেই এটিকে উন্নয়ন পরিকল্পনার অংশ করতে হবে।

দ্বিতীয়ত, নাগরিকের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ডিজিটাল রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি হলো নাগরিকের তথ্য নিরাপদ রাখা। এ লক্ষ্য পূরণে কার্যকর তথ্য সুরক্ষা কাঠামো তৈরি ও বাস্তবায়নের পাশাপাশি ডিজিটাল সেবার প্রতি মানুষের আস্থা গড়ে তোলা প্রয়োজন।

তৃতীয়ত, সাইবার নিরাপত্তাকে প্রতিষ্ঠানের পরিকল্পনা, নীতিনির্ধারণ ও বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত করতে হবে। এ জন্য প্রশিক্ষিত ও দক্ষ জনবল তৈরি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি। মন্ত্রী বলেন, সাইবার হামলার পর প্রতিক্রিয়া দেখানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ঝুঁকি মোকাবিলায় আগাম প্রতিরোধের ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে এস্তোনিয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর কথাও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভৌগোলিক সীমানার মতো ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষাও বর্তমানে অপরিহার্য। এ জন্য সাইবার অবকাঠামোর প্রস্তুতি, নাগরিকের তথ্যের পূর্ণাঙ্গ নিরাপত্তা এবং তরুণ প্রজন্মের মেধার যথাযথ বিকাশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ার সঙ্গে সাইবার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। সাইবার অপরাধীদের মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি একই গতিতে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনীয় প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মেধাকে কাজে লাগাতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক। সূচনা বক্তব্য দেন এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স অ্যাকাডেমির প্রতিনিধি ইনগ্রিড টুনিকুর্গ। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের একজন প্রতিনিধি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ আয়োজনে জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল, বাংলাদেশের সাইবার ঝুঁকির চিত্র, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ও কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের কার্যক্রম নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সরকারি নেটওয়ার্কের নিরাপত্তা, সাইবার হামলা মোকাবিলা, দুর্যোগের পর তথ্য ও সেবা পুনরুদ্ধার এবং গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোর সুরক্ষার বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21781 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 04:51:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh