• হোম > জাতীয় | বাংলাদেশ > ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সিইপিএ চুক্তির খসড়া চূড়ান্ত

ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার সিইপিএ চুক্তির খসড়া চূড়ান্ত

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৪:১১
  • ১৫

---

ইবি রিপোর্ট

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে। খসড়া চূড়ান্ত হওয়ার পর উচ্চপর্যায়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি হুনের দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে কোরিয়ান বিনিয়োগকারীদের পরিচালনাগত ও আমদানি সংক্রান্ত সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। একই সঙ্গে জাহাজ নির্মাণ খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে বাংলাদেশে বিশেষায়িত ‘ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার’ প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।

দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে সিইপিএ চুক্তি দ্রুত চূড়ান্ত করার আগ্রহ প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। তিনি জানান, চুক্তির খসড়া এবং বিস্তারিত প্রশ্নমালার বিষয়ে দক্ষিণ কোরিয়া ইতিমধ্যে বাংলাদেশকে নিজেদের অবস্থান জানিয়েছে। বৈঠকে চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়া এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, বিনিয়োগকারীদের নীতিগত সমস্যা দ্রুত সমাধানে শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ মন্ত্রণালয় এবং কোরিয়ান বিনিয়োগকারীদের অংশগ্রহণে যৌথ সমন্বয় সভা আয়োজন করা হবে।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী প্রায় ২০০টি কোরিয়ান কোম্পানির বিভিন্ন পরিচালনাগত চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) সেন্টারের জন্য গবেষণাসামগ্রী ও নমুনা আমদানিতে প্রশাসনিক জটিলতা, আমদানি পারমিট (আইপি) ছাড়করণে দীর্ঘসূত্রতা এবং কাস্টমস নীতিমালা সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করার অনুরোধ জানান তিনি।

এসব সমস্যা নিরসনে বাণিজ্যমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। স্যামসাংসহ কোরিয়ান বিনিয়োগকারীদের আমদানি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আমদানি পারমিট বা আইপি ইস্যুর কার্যক্রম সম্পূর্ণ অনলাইন ও রিয়েল টাইমে সম্পন্ন করার কাজ চলছে।

জাহাজ নির্মাণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়। স্থানীয় প্রকৌশলী ও জনবলকে কাজে লাগিয়ে যৌথ উদ্যোগে বৈশ্বিক চাহিদা পূরণের সম্ভাবনা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। এ লক্ষ্যেই বাংলাদেশে বিশেষায়িত ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠার প্রস্তাব দেন তিনি।

প্রস্তাবটিতে ইতিবাচক সাড়া দেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। দেশটির শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া ওশান ও হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠকে এলএনজি সরবরাহ নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) খাদিজা নাজনীনসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21779 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 04:39:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh