![]()
ইবি রিপোর্ট
৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পর্যায়ক্রমে ১৮টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে গাজীপুরের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম শুরু হয়। শ্রমিকেরাও নির্ধারিত সময়ে নিজ নিজ কর্মস্থলে যোগ দেন। তবে দিনের শুরুতেই কোনাবাড়ী ও কাশিমপুর এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকদের মধ্যে বিক্ষোভের চেষ্টা দেখা যায়।
কোনাবাড়ী এলাকার রিপন নীটওয়্যার লিমিটেড এবং কাশিমপুরের মন্ডল গ্রুপের শ্রমিকেরা বিচ্ছিন্নভাবে জড়ো হয়ে আন্দোলনের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ছত্রভঙ্গ করে দেন।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর এলাকার নর্থ ইন্ডাস্ট্রির শ্রমিকেরা বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। পরে আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন।
এ সময় আশপাশের পোশাক কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা। তাঁদের আহ্বানে আশপাশের কারখানার শ্রমিকেরা জড়ো হতে শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকার বিভিন্ন কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। সব মিলিয়ে শ্রমিক বিক্ষোভের মুখে ১৮টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়। ছুটি ঘোষণার পর অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও একাংশ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।
পরে আন্দোলনকারীরা নাওজোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভোগড়া বাইপাসে গিয়ে অবস্থান নেন। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
শিল্পাঞ্চলের নিরাপত্তা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এসআরবি, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ বলেন, সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক ছিল। তবে শ্রমিকদের বিক্ষোভের কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ ও থানা পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, আনসার এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।