• হোম > জাতীয় | বাংলাদেশ > দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৩:৫২
  • ২০

---

ইবি রিপোর্ট

সাজা ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করায় শেখ হাসিনার সামনে আর আপিলের আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তাঁর ভাষ্য, দণ্ডিত অবস্থায় দেশে ফিরলে শেখ হাসিনার ক্ষেত্রে ফাঁসি কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। একই সঙ্গে পলাতক ও দণ্ডপ্রাপ্ত হওয়ায় তাঁকে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

মো. আমিনুল ইসলাম বলেন, আইন অনুযায়ী কোনো ব্যক্তির ন্যূনতম দুই বছরের সাজা হলে তাঁকে আর পাসপোর্ট দেওয়া যায় না। সে হিসেবে দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনার নামে বাংলাদেশ সরকারের পাসপোর্ট ইস্যু করার কোনো আইনগত সুযোগ নেই।

তিনি আরও বলেন, কোনো দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলার সময় তিনি আদালতে হাজির হয়ে বিচার মোকাবিলা করেননি বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। তাঁর বক্তব্য অনুযায়ী, রায় প্রকাশের পরও শেখ হাসিনা আপিল করেননি। নির্ধারিত ৩০ দিনের সময়সীমা পার হয়ে যাওয়ায় ভবিষ্যতে তাঁর আর আপিল করার আইনগত সুযোগ নেই।

ব্রিফিংয়ে শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট চেয়ে করা আবেদনের বিষয়টিও তুলে ধরেন আমিনুল ইসলাম। তিনি জানান, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতে বাংলাদেশের দূতাবাসে চিঠি পাঠানো হয়েছে। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনার পাসপোর্টের আবেদন করা হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী যথার্থই আবেদনটিকে হাস্যকর বলেছেন। কারণ, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাঁর দল কিংবা নেতাকর্মীরাও আবেদন করেননি। বরং লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান তাঁর পক্ষে আবেদন করেছে।

শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন—এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো দলিলপত্র পাওয়া যায়নি বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে তাঁকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।

বাংলাদেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে ভারত সরকারের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে বলে মন্তব্য করেন আমিনুল ইসলাম। তাঁর ভাষ্য, এখন পর্যন্ত শেখ হাসিনা ভারত সরকারের কাছে দেশে ফেরার বিষয়ে লিখিত কোনো আবেদন করেছেন বলে তাঁদের জানা নেই।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার সত্যিকার অর্থে বাংলাদেশে ফেরার সদিচ্ছা থাকলে বিচার চলাকালে দেশে এসে মামলার মোকাবিলা করতেন। রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে দেশে ফিরে আপিল করার সুযোগও তাঁর ছিল।

শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানোই হবে সঠিক পন্থা।

এ সময় শেখ হাসিনার দেশত্যাগ এবং তাঁর সঙ্গে আত্মীয়স্বজনের চলে যাওয়ার প্রসঙ্গও তোলেন আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা আত্মীয়স্বজনসহ নিরাপদে দেশ ছেড়ে গেলেও নিরীহ নেতাকর্মীদের বাংলাদেশে রেখে গেছেন। তাঁদের আরও বিপদে ফেলতে এ ধরনের তৎপরতা চালালে দলগতভাবেও আরেকটি ভুল হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়েও কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, এখন পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার নিজের কোনো বক্তব্য তাঁরা পাননি। বিভিন্ন সময়ে সামনে আসা অডিও বক্তব্যগুলো আদৌ তাঁর কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21773 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 04:11:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh