![]()
ইবি রিপোর্ট
বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আজ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়্যাল হোটেলের সভাকক্ষে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো প্রাধান্য পেতে পারে। পাশাপাশি দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে তিন দিনের সফরে মঙ্গলবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের মধ্যেই তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সফরের যাত্রাসূচি সম্পর্কে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
ঢাকা থেকে যাত্রা শুরুর পর ফ্লাইটটির ইস্তাম্বুলে যাত্রাবিরতি দেওয়ার কথা রয়েছে। সেখান থেকে পুনরায় যাত্রা করে স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে আনতালিয়া বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে ফ্লাইটটির।
আনতালিয়ায় পৌঁছানোর পর নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাক্স রয়্যাল হোটেলের সভাকক্ষে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনার প্রত্যাশা রয়েছে।
কপ-৩১ উপলক্ষে আয়োজিত বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এই দ্বিপক্ষীয় বৈঠক প্রধানমন্ত্রীর সফরের অন্যতম নির্ধারিত কর্মসূচি।