• হোম > জাতীয় | রাজধানী > নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটে রাজধানীতে স্বাভাবিক যান চলাচল

নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটে রাজধানীতে স্বাভাবিক যান চলাচল

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৩:০৬
  • ২৬

---

 

ইবি রিপোর্ট

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান থাকলেও মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নগরীর অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল করছে। বাসসহ বিভিন্ন ধরনের পরিবহনও চলছে নিয়মিতভাবে। তবে আগের কয়েক দিনে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় তৈরি হওয়া উদ্বেগের মধ্যে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বাড়তি পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে মঙ্গলবার সকালে রাজধানীর সড়কগুলোতে স্বাভাবিক চিত্র দেখা গেছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের নিয়মিত টহল কার্যক্রম চলছে। ফার্মগেট ও তেজগাঁও এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

শেরে বাংলানগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। সব ধরনের যানবাহন চলাচল করছে। কয়েকটি স্থানে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

রামপুরা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বিটিভি এলাকায় অতিরিক্ত পুলিশ রাখা হয়েছে। অন্যান্য স্থানে নিয়মিত টহল চলছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো সমস্যা দেখা যায়নি।

রাজধানীর বিভিন্ন এলাকার যান চলাচল পরিস্থিতি ঘুরে দেখা গেছে, গুলিস্তান থেকে সব রুটেই বাস চলাচল করছে। গুলিস্তান থেকে শাহবাগ হয়ে গাবতলী ও মিরপুর রোডে যানবাহনের চলাচল স্বাভাবিক রয়েছে। একইভাবে গুলিস্তান থেকে রামপুরা, বাড্ডা হয়ে উত্তরা যাওয়ার সড়কেও যানবাহন চলাচলে কোনো বড় ধরনের বিঘ্ন দেখা যায়নি।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, আগের রাতে অগ্নিসংযোগের ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রমনা বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, শাহবাগ, ধানমন্ডি, নিউমার্কেটসহ বিভাগের অন্যান্য এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাশকতা প্রতিরোধে প্রতিটি থানাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি অন্যান্য অভিযানমূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, এসব এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নজরদারি বাড়ানোর অংশ হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে কয়েক দিন ধরে সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছিল। পাশাপাশি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। গত রোববার ও সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে থানা, পুলিশ ফাঁড়ি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে ককটেল হামলার ঘটনা ঘটে।

সোমবার সন্ধ্যায় ফার্মগেট, মিরপুর ও পোস্তগোলায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া টিএসসি, বনানী পুলিশ ফাঁড়ি, বাংলা কলেজ, শান্তা মারিয়াম ইউনিভার্সিটিসহ রাজধানীর অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণ হয়। এসব ঘটনায় একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

আগের কয়েক দিনের এসব ঘটনা এবং ধর্মঘটের ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে উদ্বেগ থাকলেও মঙ্গলবার সকাল পর্যন্ত নতুন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21761 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 04:39:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh