![]()
ইবি রিপোর্ট
২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৮৩ হাজার ৫০০ জন। সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আগামী বছরের জন্য এ কোটা নির্ধারিত হয়েছে। বাংলাদেশের বিশেষ অনুরোধে সৌদি আরব আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বাড়িয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের আগে ও পরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এ সময় ধর্মমন্ত্রী দেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রীর কাছে তুলে ধরেন।
চুক্তি সম্পন্ন হওয়ার পর ধর্মমন্ত্রী জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় হজ চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তাৎক্ষণিকভাবে বাংলাদেশের জন্য আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বাড়িয়েছেন। এর ফলে ২০২৭ সালে বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।
উল্লেখ্য, গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। নতুন চুক্তিতে আগামী বছরের জন্য সেই সংখ্যা বাড়িয়ে ৮৩ হাজার ৫০০ করা হয়েছে।
দ্বিপক্ষীয় বৈঠকে হজযাত্রীদের কোটা নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের মিনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টিও আলোচনায় আসে। তবে এ সীমাবদ্ধতার মধ্যেও অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা অনুযায়ী হজযাত্রী পাঠাতে ব্যর্থ হলে অথবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই শূন্যস্থান পূরণে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদি মন্ত্রী।
ধর্মমন্ত্রী জানান, সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘তোমাদের (বাংলাদেশের) জন্য যা করার দরকার, আমরা করব।’
এ সময় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আল সৌদের নেতৃত্বের প্রশংসা করেন ধর্মমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ধর্মমন্ত্রী সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হজ ব্যবস্থাপনাকে সহজ, স্বচ্ছ ও সেবামুখী করতে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি হজ ও ওমরাহবিষয়ক সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মোনাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ ও সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।