![]()
ইবি রিপোর্ট
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে কর্মসূচি পালন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণের পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় সেতুর উভয় পাশে যানবাহন আটকে পড়ে।
গত সোমবার (৯ নভেম্বর) রাত ১টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসীন মাতবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম।
ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে দানিব বিন ইকবালের ফেসবুক আইডিসহ বিভিন্ন আইডি থেকে রাত ১টার দিকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে অবরোধের ভিডিও প্রকাশ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শতাধিক নেতাকর্মী বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে অবস্থান নিয়েছেন। তাঁরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এতে টোলপ্লাজায় যানবাহন চলাচল ও টোল আদায় কার্যক্রম ব্যাহত হয়।
অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। এ সময় পদ্মা সেতুর দুই পাশে যানবাহনের সারি তৈরি হয়। পাশাপাশি কর্মসূচিকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আবদুস সালাম সমকালকে বলেন, গত রাতের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাঁর ধারণা, ওই সময় প্রায় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
তিনি আরও জানান, কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে অবরোধের সময় ঠিক কতটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, সে সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত ও সংশ্লিষ্টদের শনাক্তে অভিযান চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।