• হোম > আন্তর্জাতিক | বিদেশ > ইরানে নতুন হামলা নিয়ে কাতার-সৌদির আহ্বান বিবেচনায় ট্রাম্প

ইরানে নতুন হামলা নিয়ে কাতার-সৌদির আহ্বান বিবেচনায় ট্রাম্প

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৪
  • ২৪

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নতুন হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এসব দেশের অনুরোধ বিবেচনায় নিয়ে সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক সমাধানের দিকেই নজর দিচ্ছে ওয়াশিংটন।

সোমবার হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প। তিনি বলেন, আপাতত হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে। তবে ইরানে নতুন করে হামলা চালানোর প্রয়োজন হবে বলে তিনি মনে করেন না।

এদিকে ইরান যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। গত সপ্তাহে তেহরান সফর শেষে কাতারের প্রধানমন্ত্রী ওয়াশিংটনে যান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার ক্ষেত্রে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাতার।

তবে দুই দেশের মধ্যে দ্রুত কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি ইরানের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির শর্তগুলোকে অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছেন।

ইরানের প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে দেশটির বন্দরগুলোর ওপর আরোপ করা অবরোধ তুলে নিতে হবে। পাশাপাশি কিছু নিষেধাজ্ঞাও প্রত্যাহার করতে হবে। এর বিনিময়ে হরমুজ প্রণালিতে নিজেদের অবরোধ বন্ধ করবে তেহরান। পারমাণবিক কর্মসূচি এবং অন্যান্য নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে পরবর্তী পর্যায়ে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রস্তাবকে সবচেয়ে যুক্তিসংগত বলে উল্লেখ করেছে। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে এ প্রস্তাব গ্রহণের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, রোববার রাতে দেশটির কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওই হামলায় কোনো গুরুত্বপূর্ণ অবকাঠামো বা সেবা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

অন্যদিকে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার ঘটনাও অব্যাহত রয়েছে। গত ১০ দিনে ১১টি ট্যাংকার অচল হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

এ অবস্থায় একদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পক্ষ থেকে নতুন সামরিক হামলা বন্ধের আহ্বান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবরোধ ও নিষেধাজ্ঞা নিয়ে মতপার্থক্য—সব মিলিয়ে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নানা বিষয় সামনে এসেছে।

সূত্র: রয়টার্স


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21743 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 04:29:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh