• হোম > আন্তর্জাতিক | বিদেশ > কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ, বিপাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ, বিপাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫১
  • ১৪

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে ৯০ দিনের বেশি সামরিক অভিযান পরিচালনার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি। এ প্রস্তাব নিয়ে চলতি সপ্তাহেই প্রতিনিধি পরিষদে ভোটাভুটি আয়োজনের পরিকল্পনা করেছেন তিনি।

সোমবার প্রতিনিধি পরিষদে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেন ম্যাসি। এর ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রস্তাবটি নিয়ে আইনপ্রণেতাদের সিদ্ধান্ত নিতে হবে। তারা সরাসরি ভোট দিতে পারেন, প্রস্তাবটি সংশ্লিষ্ট কমিটিতে পাঠাতে পারেন অথবা আপাতত এর কার্যক্রম স্থগিত রাখতে পারেন।

তবে ম্যাসির এ উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। কারণ, আগামী জানুয়ারি পর্যন্ত কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকানদের নিয়ন্ত্রণ রয়েছে। এমন পরিস্থিতিতে প্রস্তাবটি পাস করানো কঠিন হতে পারে।

ম্যাসি জানিয়েছেন, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই হেগসেথকে দায়িত্ব থেকে সরাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করাই তার মূল উদ্দেশ্য। একই সঙ্গে নতুন একজন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগের বিষয়েও ট্রাম্পকে উদ্যোগী করতে চান তিনি।

ম্যাসি বলেন, আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ার পর ডেমোক্র্যাটরা হেগসেথের বিরুদ্ধে শুনানি ও বিচারপ্রক্রিয়া শুরু করতে পারে। তার মতে, সেই পরিস্থিতির তুলনায় বর্তমান উদ্যোগটি অনেক সহজ পদক্ষেপ।

অন্যদিকে, অভিশংসনের প্রস্তাবকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন পিট হেগসেথ। তার দাবি, নিজের নেতৃত্বে কার্যক্রম পরিচালনা সফল হচ্ছে বলেই বিরোধীরা তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার প্রতিরক্ষামন্ত্রীর প্রতি সমর্থন জানিয়েছেন এবং হেগসেথের কাজের প্রশংসা করেছেন।

যুক্তরাষ্ট্রে মন্ত্রিসভার কোনো সদস্যের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না। দেশটির সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী, প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব পাস হলে বিষয়টি সিনেটে বিচার করা হয়। সেখানে কাউকে দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।

এদিকে, ম্যাসি নিজেও পুনর্নির্বাচনে পরাজিত হয়েছেন। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর তিনি হেগসেথের বিরুদ্ধে এ উদ্যোগ নিয়েছেন।

সূত্র: বিবিসি


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21734 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 05:13:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh