![]()
ইবি রিপোর্ট
ঢাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা বাড়লেও সেগুলো নিয়ন্ত্রণে আনার উদ্যোগে রয়ে গেছে বেশ কিছু সীমাবদ্ধতা। নতুন বিধিমালায় একজন ব্যক্তির নামে সর্বোচ্চ পাঁচটি বাহন নিবন্ধনের নিয়ম করা হয়েছে। তবে পরিবারের অন্য সদস্যদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে এই সীমা এড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে। পাশাপাশি সিটি করপোরেশন এলাকায় মোট কতটি অটোরিকশা চলাচল করতে পারবে, তা নির্ধারণ না করায় নিবন্ধন কার্যক্রমের কার্যকারিতা নিয়ে সংশয় তৈরি হয়েছে। পুরোনো বাহন অপসারণের পরিবর্তে নতুন ই-রিকশা নামানোর সুযোগ থাকায় সড়কে শৃঙ্খলা ফেরানোও কঠিন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকার অলিগলি ছাড়িয়ে প্রধান সড়কেও এখন ব্যাটারিচালিত অটোরিকশার উপস্থিতি বাড়ছে। এসব বাহনের কারণে প্রতিনিয়ত যানজট ও সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ১ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ প্রকাশ করে। এতে ই-রিকশার নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি বাহনের সংখ্যা, চলাচলের রুট ও জোন নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে সিটি করপোরেশনগুলোকে।
নিবন্ধনের নিয়মে থাকছে ফাঁকফোকর
এতদিন ঢাকার অটোরিকশার প্রকৃত সংখ্যা ও মালিকানা যাচাইয়ের কার্যকর ব্যবস্থা ছিল না। নতুন বিধিমালায় একজন ব্যক্তির নামে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। তবে পরিবারের অন্য সদস্যদের এনআইডি ব্যবহার করে নিবন্ধন নেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। ফলে প্রকৃত মালিকানা আড়াল করে পরিবারের সদস্যদের পরিচয়পত্র ব্যবহার করে একাধিক অটোরিকশার ব্যবসা পরিচালনার সুযোগ থেকে যাচ্ছে।
শনির আখড়ার গ্যারেজ মালিক মো. শহিদ গণমাধ্যমকে জানান, তার অধীনে ৩০টি অটোরিকশা রয়েছে। নিজের নামে পাঁচটি নিবন্ধন নেওয়ার পর বাকি বাহনগুলোর জন্য পরিবারের অন্য সদস্যদের এনআইডি ব্যবহার করবেন তিনি। তার মতে, এভাবে নিবন্ধনের সুযোগ না থাকলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
বিধিমালা অনুযায়ী, নিবন্ধনের তারিখ থেকে প্রতিটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ১২ বছর। এই সময় শেষ হলে নম্বরপ্লেটসহ নিবন্ধন বাতিল হবে। তবে সড়কে চলাচল অব্যাহত রাখতে প্রতিবছর নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন নবায়ন করতে হবে।
দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার জন্য এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। চার যাত্রী ধারণক্ষমতার বাহনের ক্ষেত্রে এই ফি যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা। এর সঙ্গে ফিটনেস সনদের জন্য প্রতিবছর ১ হাজার টাকা দিতে হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নকশা অনুসারে পুরোনো ই-রিকশার প্রযুক্তিগত মান পরিবর্তন করে ফিটনেস সনদ নেওয়ার বিধান রাখা হয়েছে। পাশাপাশি নির্ধারিত গ্যারেজে এসব বাহনের চার্জিং বাধ্যতামূলক করা হয়েছে।
জোনভিত্তিক চলাচলে ভোগান্তির আশঙ্কা
নতুন বিধিমালায় জোনভিত্তিক চলাচলের সিদ্ধান্ত নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কামরাঙ্গীরচরের চালক আবু সালাম জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি জোনে ভাগ করা হতে পারে বলে তিনি শুনেছেন। এমন ব্যবস্থা চালু হলে যাত্রীদের চলাচলে ভোগান্তি বাড়বে বলে মনে করেন তিনি।
এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘যাত্রাবাড়ী থেকে কোনো অসুস্থ রোগীকে ধানমন্ডি নিতে হলে তিনি ভেঙে ভেঙে যেতে পারবেন না।’ এ কারণে পুরো দক্ষিণ সিটিকে একটি জোনের আওতায় রাখার দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে ব্যাটারিচালিত অটোরিকশার বিস্তারে অস্তিত্ব সংকটে পড়েছে ঐতিহ্যবাহী প্যাডেলচালিত রিকশা। ঢাকা নিউ সিটি রিকশা ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাসান গণমাধ্যমকে বলেন, অটোরিকশার উপস্থিতির কারণে সাধারণ যাত্রীরা এখন প্যাডেল রিকশায় উঠতে চান না। এভাবে চলতে থাকলে একসময় অটোরিকশার চাপে প্যাডেল রিকশা হারিয়ে যেতে পারে।
তিনি আরও জানান, বুয়েট অনুমোদিত নতুন ই-রিকশার দাম অনেক বেশি হওয়ায় সাধারণ মালিকদের পক্ষে এসব বাহন কেনা সম্ভব নয়।
বিশেষজ্ঞদের শঙ্কা ও সিটি করপোরেশনের উদ্যোগ
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি ড. মুহাম্মদ আরিফুল ইসলাম পগণমাধ্যমকে বলেন, একই পরিবারের একাধিক সদস্যের এনআইডি ব্যবহারের সুযোগ থাকলে অটোরিকশা নিয়ন্ত্রণ কার্যক্রম শিথিল হয়ে পড়বে। কঠোর তদারকি ছাড়া নতুন বিধিমালার সুফল পাওয়া কঠিন।
বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. মো. শামছুল হক গণমাধ্যমকে বলেন, পুরোনো রিকশা সরিয়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নতুন বাহন সড়কে নামানোই প্রধান চ্যালেঞ্জ। বর্তমানে লাখ লাখ রিকশা রাস্তায় চলাচল করছে। পরীক্ষা ছাড়া সেগুলোর ফিটনেস সনদ দেওয়া হলে পরিস্থিতি ভয়াবহ হবে।
তার মতে, মালিকরা বড় অঙ্কের বিনিয়োগের কারণে পুরোনো বাহন সরাতে চাইবেন না। অন্যদিকে নতুন ই-রিকশা সড়কে নামানো হলে যানজট আরও বাড়বে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অটোরিকশা নিবন্ধনের ফরম বিতরণ শুরু করলেও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এখনো এ কার্যক্রম শুরু করেনি।
ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ স্বীকার করেন, একই পরিবারের একাধিক সদস্যের এনআইডি ব্যবহার করে নিবন্ধন নেওয়ার ক্ষেত্রে আইনি বাধা নেই। তবে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অনলাইন সফটওয়্যারের মাধ্যমে আবেদন যাচাই করা হবে। সফটওয়্যারটি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ডেটাবেজের সঙ্গে যুক্ত থাকবে। ফলে একই ব্যক্তি একাধিক সিটি করপোরেশন থেকে আবেদন করলে তা শনাক্ত করা সম্ভব হবে।