• হোম > দেশজুড়ে | নারায়ণগঞ্জ > ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৬৩ শিক্ষার্থী

ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৬৩ শিক্ষার্থী

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২২
  • ২০

---

ইবি রিপোর্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার পর পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন ৬৩ জন শিক্ষার্থী। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, অসুস্থদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মধ্যরাতে মাদ্রাসার একটি ভবনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর সৃষ্ট ধোঁয়া দ্রুত ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং অনেকের শ্বাসকষ্ট শুরু হয়।

পরিস্থিতির পর অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তাদের বয়স ১০ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানান এই চিকিৎসক।

তিনি আরও জানান, অসুস্থদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের একজনকে যান্ত্রিক ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসে সহায়তা দেওয়া হচ্ছে।

মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান জানান, ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় রাতে শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় মাদ্রাসার লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের ধোঁয়া ভবনের ভেতরে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এটিই প্রাথমিক ধারণা বলে জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে চারজনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনকে বর্তমানে মেকানিক্যাল ভেন্টিলেটরের সহায়তায় শ্বাস-প্রশ্বাস চালিয়ে নেওয়া হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21726 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 05:39:37 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh