![]()
ইবি রিপোর্ট
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠা এক নারী ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের খবরে চাপে পড়েছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। বিষয়টি সামনে আসার পর তাঁর বিরুদ্ধে স্বাধীন তদন্ত শুরু করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং প্রতিষ্ঠানের বাণিজ্যিক তথ্যের সুরক্ষা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
তবে এনভিডিয়া জানিয়েছে, এখন পর্যন্ত সংবেদনশীল তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কোম্পানিটির বাণিজ্যিক গোপনীয়তা কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন তথ্যও মেলেনি। অন্যদিকে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে নিজের ভুল স্বীকার করেছেন জেনসেন হুয়াং। এ ঘটনায় স্ত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশিত হয়। প্রতিবেদনে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের কথা বলা হয়েছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, অ্যালিস হুয়াং চীনা সরকারের হয়ে গুপ্তচরবৃত্তি করেন। তবে তাঁদের সম্পর্কের মাধ্যমে কোনো তথ্য সংগ্রহ করা হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। বেইজিংয়ের কাছে কোনো তথ্য সরবরাহ করা হয়েছিল কি না, সেটিও অনিশ্চিত।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে স্বাধীন তদন্তের বিষয়টি নিশ্চিত করেছে। সাম্প্রতিক সংবাদ প্রতিবেদনগুলোতে বিদেশি গোয়েন্দা তৎপরতার শিকার হওয়ার বিষয়টি উঠে এসেছে। এসব খবর পর্যালোচনা করেই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। তদন্তে সংশ্লিষ্ট সব তথ্য ও প্রমাণ যাচাই করা হবে।পর্ষদ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা কিংবা কোম্পানির বাণিজ্যিক গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ তারা দেখছে না। তবে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনা চালানো হবে। তদন্তের কাজে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জেনসেন হুয়াং।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি বিশ্বস্ত ছিলাম না। আমার কর্মকাণ্ডে স্ত্রী ও সন্তানেরা কষ্ট পেয়েছেন। এর কোনো অজুহাত নেই। আমি গভীরভাবে দুঃখিত।জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রসঙ্গেও নিজের অবস্থান জানিয়েছেন তিনি। এনভিডিয়া, কর্মী, পরিচালনা পর্ষদ ও শেয়ারধারীদের প্রতি দায়িত্ব পালনে ঘাটতির দায় স্বীকার করেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
জেনসেন হুয়াং বলেন, ‘আমি এই দেশ ও কোম্পানিকে ভালোবাসি। এনভিডিয়ার সুরক্ষা ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় সহযোগিতা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন নাগরিক হিসেবে আমি গর্বিত ও কৃতজ্ঞ।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সম্প্রতি জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর কথা হয়নি। তবে তিনি হুয়াংকে সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্পের মন্তব্য, যুক্তরাষ্ট্রের জন্য অসাধারণ কিছু কাজ করেছেন তিনি।
অন্যদিকে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের খবর প্রকাশের পর কংগ্রেসেও বিষয়টি আলোচনায় এসেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তিনটি রিপাবলিকান কমিটির প্রধান তাঁকে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন। চীনের মতো প্রতিপক্ষ রাষ্ট্র কীভাবে যুক্তরাষ্ট্রের সংবেদনশীল প্রযুক্তি ও তথ্য পেতে পারে, তা নিয়ে তাঁদের উদ্বেগ রয়েছে।কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো তৈরিতে এনভিডিয়া বিশ্বের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। ওপেনএআই ও মেটার মতো প্রতিষ্ঠানকে এআই চিপ সরবরাহ করে কোম্পানিটি। তিন দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছেন জেনসেন হুয়াং। কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার কোটি ডলার।
এদিকে গুপ্তচরবৃত্তির অভিযোগকে ভিত্তিহীন জল্পনা বলে প্রত্যাখ্যান করেছে চীন। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সিঙ্গাপুরভিত্তিক তথ্যকেন্দ্র প্রতিষ্ঠান মেগাস্পিডও পদক্ষেপ নিয়েছে। অভিযোগগুলো পর্যালোচনায় প্রতিষ্ঠানটি বাইরের আইনজীবী নিয়োগ করে অভ্যন্তরীণ তদন্তের কথা জানিয়েছে।যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তি প্রতিযোগিতায় এনভিডিয়ার চিপ বড় ভূমিকা রাখছে। বিশেষ করে উন্নত এআই চিপ চীনে বিক্রির ক্ষেত্রে ওয়াশিংটনের বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। এমন পরিস্থিতিতে জেনসেন হুয়াংকে ঘিরে ওঠা অভিযোগ প্রযুক্তি নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।