• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা বাড়িয়ে ৩০ হাজার করল কেন্দ্রীয় ব্যাংক

বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা বাড়িয়ে ৩০ হাজার করল কেন্দ্রীয় ব্যাংক

  • সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৭:৪৪
  • ১০

---

ইবি রিপোর্ট 

বিদেশে চিকিৎসার ব্যয় মেটাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার ডলার পাঠানো যাবে। আগে এই সীমা ছিল ১৫ হাজার মার্কিন ডলার। পাশাপাশি বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর নিয়মেও ছাড় এসেছে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-২ এ বিষয়ে সার্কুলার জারি করেছে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ছাড়ের নিয়ম সহজ করা হয়েছে। নতুন নির্দেশনায় শিক্ষা ও চিকিৎসা খাতে অর্থ পাঠানোর সুযোগ বাড়ানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য গ্রাহকরা বাড়তি ডলার পাঠাতে পারবেন। অনুমোদিত ডিলার ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই অর্থ ছাড় করতে পারবে। একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। চাইলে সমপরিমাণ অন্য বৈদেশিক মুদ্রাও পাঠানো যাবে। আগে এ ক্ষেত্রে অনুমতি ছাড়া সর্বোচ্চ ১৫ হাজার ডলার ছাড়ের সুযোগ ছিল।

বিদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর নিয়মও পরিবর্তন হয়েছে। আগে এ ধরনের অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি প্রয়োজন হতো। নতুন সার্কুলারে সেই বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। এখন ব্যাংকগুলো সরাসরি শিক্ষার্থীদের শিক্ষাবাবদ প্রয়োজনীয় অর্থ পাঠাতে পারবে। তবে সংশ্লিষ্ট দেশে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা রয়েছে কি না, তা যাচাই করতে হবে।

পেশাদার ও সার্টিফিকেশন কোর্সের খরচ পাঠানোর ক্ষেত্রেও নিয়ম শিথিল করা হয়েছে। একই সুবিধা পাওয়া যাবে চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত কোর্সের জন্য। দূরশিক্ষণ পদ্ধতিতে নিয়মিত একাডেমিক পড়াশোনার ব্যয়ও পাঠানো যাবে। এসব খাতে অর্থ পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে না। অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে গ্রাহকরা প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবেন।

এদিকে, বিদেশ থেকে দেশে ফেরার সময় বৈদেশিক মুদ্রা জমা রাখার সুবিধাও দেওয়া হয়েছে। আবাসিক বাংলাদেশিরা সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা কাস্টমস কর্তৃপক্ষের কাছে ঘোষণা করতে পারবেন। এ জন্য ফরম এফএমজে (Form FMJ) ব্যবহার করতে হবে। পরে ঘোষিত অর্থ রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে জমা রাখা যাবে।

ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা ও শিক্ষার জন্য আনা বৈদেশিক মুদ্রাও এ সুবিধার আওতায় থাকবে। অন্যান্য অনুমোদিত খাতের অর্থের ক্ষেত্রেও একই সুযোগ প্রযোজ্য হবে। ফলে দেশে ফেরার পর এসব অর্থ নির্ধারিত হিসাবে জমা রাখা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনের অন্যান্য বিধিবিধান অপরিবর্তিত থাকবে। নতুন সার্কুলারে যেসব বিষয়ে ছাড় দেওয়া হয়েছে, সেগুলো ছাড়া আগের নির্দেশনাই কার্যকর থাকবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21709 ,   Print Date & Time: Monday, 9 November 2026, 12:36:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh