![]()
ইবি রিপোর্ট
নিত্যপণ্যের বাজারে অক্টোবরজুড়ে বাড়তি দামের চাপ অনুভব করেছেন ক্রেতারা। মাসটিতে ১৫ ধরনের পণ্যের দাম বেড়েছে গড়ে ৪ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরের বাজার পরিস্থিতি বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে।
কনজুমারস ফোরামের সংগ্রহ করা দুই মাসের বাজারতথ্যে এই মূল্যবৃদ্ধির চিত্র পাওয়া গেছে। সংগঠনটি সরাসরি কয়েকটি বাজার ও সুপারশপ থেকে এসব তথ্য সংগ্রহ করেছে। এর মধ্যে রয়েছে কারওয়ান বাজার, রামপুরা ও মেরাদিয়া। পাশাপাশি আফতাবনগরের ভূঁইয়া বাজার থেকেও তথ্য নেওয়া হয়েছে। মিনাবাজার ও স্বপ্ন সুপার শপের তথ্যও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে মাছের দাম বেড়েছে গড়ে ১১ দশমিক ৭২ শতাংশ। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বিভিন্ন ধরনের মসলা। লবঙ্গ, এলাচ, দারুচিনি ও জিরার দাম বেড়েছে ১০ দশমিক ৩০ শতাংশ। পেঁয়াজ, রসুন ও আদার দাম বেড়েছে ৭ দশমিক ৭৯ শতাংশ।
এ ছাড়া জ্বালানি তেলের দাম বেড়েছে ৬ দশমিক শূন্য ২ শতাংশ। চিনির দাম বেড়েছে ৪ দশমিক ৯৩ শতাংশ। ভোজ্যতেল ও ডালডার দাম বেড়েছে ৪ দশমিক ৮০ শতাংশ। চালের দাম গড়ে বেড়েছে ২ দশমিক ৬২ শতাংশ। আটা-ময়দার দাম বেড়েছে ৩ দশমিক ২৫ শতাংশ।
অন্যদিকে, ডিমের দাম বেড়েছে ১ দশমিক ৪২ শতাংশ। মাংসের দাম বেড়েছে শূন্য দশমিক ৩৮ শতাংশ। তবে অক্টোবর মাসে সাত ধরনের পণ্যের দাম অপরিবর্তিত ছিল। এসব পণ্যের মধ্যে রয়েছে লবণ ও দুগ্ধজাত সামগ্রী। স্থিতিশীল ছিল ব্রাশ-টুথপেস্ট এবং চানাচুর-বিস্কুটের দামও। নিত্যব্যবহৃত ১১টি ব্র্যান্ডের ওষুধ ও খাতা-কলমের দামও অপরিবর্তিত রয়েছে।
এদিকে, অক্টোবর মাসে দুটি পণ্যের দাম কমেছে। শাকসবজির দাম কমেছে ৩ দশমিক ১২ শতাংশ। স্বর্ণ ও রুপার দাম কমেছে ৪ দশমিক ৭৭ শতাংশ।
যশোর, বগুড়া ও রংপুরের বাজার পরিস্থিতিতে শীতকালীন সবজির সরবরাহ বাড়ার চিত্র পাওয়া গেছে। এসব এলাকায় নতুন মৌসুমের শাকসবজি বাজারে উঠতে শুরু করেছে। তবে উৎপাদনকারীরা বলছেন, বিক্রয়মূল্যে উৎপাদন খরচও তুলতে পারছেন না তাঁরা।
বগুড়া ও রংপুরে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ছয় থেকে ১২ টাকায়। সেখানে মুলার দাম প্রতি কেজি ছয় থেকে আট টাকা। প্রতিটি লাউ বিক্রি হচ্ছে আট থেকে ১০ টাকায়। বিপরীতে ঢাকার বাজারে ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ঢাকায় মুলার দাম ৩০ টাকা এবং প্রতিটি লাউয়ের দাম ৬০ টাকা।
কনজুমারস ফোরামের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে নিত্যপণ্যের দাম বেড়েছিল ৩ দশমিক ১৩ শতাংশ। অক্টোবর মাসে সেই বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৩৯ শতাংশে। ফলে দুই মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে মোট ৭ দশমিক ৫২ শতাংশ।
সংগঠনটি মনে করে, শুধু বেতন-ভাতা বাড়িয়ে সাধারণ মানুষের ব্যয় সামাল দেওয়া সম্ভব নয়। শহর ও নগরে বাড়ি এবং দোকানভাড়াও নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। পাশাপাশি শিক্ষা ও চিকিৎসার ব্যয় মধ্যবিত্তের নাগালের মধ্যে রাখতে হবে।
ফোরামের মতে, নিত্যপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার প্রবণতাও বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজন হলে আইন প্রয়োগের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম রাখার ওপরও জোর দিয়েছে সংগঠনটি।