![]()
ইবি রিপোর্ট
দেশে হামে শিশুমৃত্যুর ঘটনায় নিজের ব্যর্থতার দায় স্বীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে তিনি এ ঘটনাকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখতে নারাজ। পরিস্থিতি মোকাবিলায় নিজের পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। হাসপাতালটির নবনির্মিত চারতলা ইস্পাতের ভবন উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান, সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নেবে, নাকি বর্তমান সরকার—এ বিষয়ে কারও না কারও দায় নেওয়া প্রয়োজন।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা না।’
হামের টিকা সংগ্রহ নিয়ে ছড়িয়ে পড়া বক্তব্যেরও জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, টিকা ভারত থেকে আনা হয়েছে বলে কেউ কেউ অপপ্রচার চালাচ্ছে, যা সত্য নয়। মোট টিকার মাত্র ৮ শতাংশ ভারত থেকে সংগ্রহ করা হয়েছে। বাকি টিকা এসেছে জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে। এসব টিকা স্বল্পমূল্যে সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে ব্যবহৃত হামের টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত। এসব টিকা সরবরাহ করেছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। ইউনিসেফ, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী টিকা সরবরাহের স্বীকৃত প্রতিষ্ঠান।
ইউনিসেফের পরিবর্তে অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে টিকা সংগ্রহের পরও যদি হামে শিশুমৃত্যুর ঘটনা ঘটত, তাহলে দেশের মানুষ তাঁকে জীবিত রাখত না বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
দেশে হামের সংক্রমণ ও শিশুদের মৃত্যুর কারণ প্রসঙ্গে তিনি বলেন, অনেক অভিভাবক তাঁদের সন্তানদের হামের টিকা দেননি বা দিচ্ছেন না। বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেয়নি বলে তিনি জানতে পেরেছেন। আক্রান্ত শিশুদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম।
একটি হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত শিশুদের প্রায় কারও টিকা নেওয়ার তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।