![]()
ইবি রিপোর্ট
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৪০ জন রোগী হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ৮ নভেম্বর সকাল ৮টা থেকে ৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ের সংক্রমণ ও মৃত্যুর হিসাব তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৪ জনে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭৯ জনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৪৪০ জনকে নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৪ হাজার ৫২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ১৪ হাজার ২৫১ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন।