• হোম > আন্তর্জাতিক | বিদেশ > সেনেগাল উপকূলে নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ৩৪ অভিবাসীর

সেনেগাল উপকূলে নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ৩৪ অভিবাসীর

  • সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৬:৪৯
  • ১৫

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক 

ইউরোপে পৌঁছানোর আশায় আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার সময় সেনেগাল উপকূলের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন এবং কতজন নিখোঁজ রয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সেনেগাল প্রেস এজেন্সির (এপিএস) বরাত দিয়ে জানা গেছে, দেশটির রাজধানী ডাকার ও উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে থাকা যাত্রীরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার চেষ্টা করছিলেন।

সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদিকে উদ্ধার হওয়া মরদেহগুলো সেনেগালের নাগরিকদের বলে জানিয়েছেন অভিবাসী সহায়তা গোষ্ঠী ‘বোজা ফি’-এর প্রতিষ্ঠাতা সালিও দিউফ। নৌকায় থাকা বাকি যাত্রীদের পরিচয় শনাক্ত এবং নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরো দিওমায়ে ফায়ে। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তরুণদের এমন ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মানবপাচারকারী চক্রগুলো নির্মূল করার বিষয়ে জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর পথটি অভিবাসীদের জন্য বিপজ্জনক হিসেবে পরিচিত। স্প্যানিশ অভিবাসী অধিকার সংগঠন ‘ওয়াকিং বর্ডারস’-এর হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই পথে ৬৩৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। সংগঠনটির তথ্য বলছে, এই রুটে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করা প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ২১ জনের মৃত্যু হয়।

এদিকে অভিবাসীদের আগমনের চাপ সামাল দিতে স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে তিন হাজার ৩০০ জনের বেশি মানুষ দ্বীপটিতে পৌঁছেছেন।

এর আগে গত শুক্রবারও স্পেনের উদ্দেশে যাত্রা করা ১৪২ জন অভিবাসীকে বহনকারী একটি নৌকা আটক করে সেনেগাল কর্তৃপক্ষ। এ ঘটনা ওই অঞ্চলে অনিয়মিত অভিবাসন ও বিপজ্জনক সমুদ্রযাত্রার ধারাবাহিকতার বিষয়টি সামনে এনেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতে, কর্মসংস্থানের অভাব, পারিবারিক চাপ এবং বিদেশে ভালো আয়ের প্রত্যাশা সেনেগালের তরুণদের ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রায় উৎসাহিত করছে। দেশটির পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে সেনেগালের প্রতি চারজন তরুণের প্রায় একজন বেকার ছিলেন। তরুণ জনগোষ্ঠীর জন্য এই বেকারত্ব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় সেনেগাল সরকার মানবপাচার ও চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21691 ,   Print Date & Time: Monday, 9 November 2026, 12:52:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh