• হোম > জাতীয় | দেশজুড়ে > দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে ওয়াই-টাইপ নকশার প্রাথমিক সিদ্ধান্ত

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে ওয়াই-টাইপ নকশার প্রাথমিক সিদ্ধান্ত

  • সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৬:৪২
  • ১৬

---

ইবি রিপোর্ট

পদ্মার ওপর দ্বিতীয় সেতু নির্মাণের পরিকল্পনায় যুক্ত হচ্ছে বিশেষ নকশা। প্রাথমিকভাবে ইংরেজি ‘Y’ আকৃতির ওয়াই-টাইপ সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তিনটি অঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হবে। পাশাপাশি পদ্মা ব্যারাজ প্রকল্পের সঙ্গেও সেতুটির সমন্বয় রাখা হবে।

গত ৩ নভেম্বর সচিবালয়ে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। সেখানে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট তিনটি মেগা প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সিদ্ধান্তের বিষয়টি জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

ওয়াই-টাইপ সেতু মূলত ইংরেজি ‘Y’ অক্ষরের আদলে তৈরি অবকাঠামো। এ ধরনের নকশায় তিনটি পৃথক অঞ্চল একটি সংযোগবিন্দুতে যুক্ত হয়। ফলে একাধিক দিক থেকে সরাসরি যাতায়াতের সুযোগ তৈরি হয়। দ্বিতীয় পদ্মা সেতুর ক্ষেত্রেও এমন ত্রিমুখী সংযোগের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত সেতুটি মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকায় নির্মাণের পরিকল্পনা রয়েছে। স্থানীয় পর্যায়ে সেতুটিকে ওয়াই আকৃতিতে তৈরির দাবি ও প্রস্তাব রয়েছে। এর মাধ্যমে উত্তরবঙ্গের পাবনার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ গড়ে উঠতে পারে। একই সঙ্গে পদ্মা ব্যারাজ প্রকল্পের সঙ্গে সমন্বয় রেখেও কাজ এগোনোর পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) সূত্রে জানা গেছে, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই চলছে। রাজবাড়ী, পাবনা ও মানিকগঞ্জের সীমান্তবর্তী নদী অববাহিকা ঘিরে পরীক্ষা করা হচ্ছে। তিনটি সম্ভাব্য পয়েন্ট এবং সংশ্লিষ্ট পুরো অঞ্চল সমীক্ষার আওতায় রয়েছে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে সেতুর উপযুক্ত অবস্থান চূড়ান্ত করা হবে।

প্রথম পদ্মা সেতুর উজানে প্রায় ৬০-৭০ কিলোমিটার দূরত্বের অঞ্চল বিবেচনায় রয়েছে। এর মধ্যে রাজবাড়ী-পাবনা পয়েন্ট, মানিকগঞ্জ-রাজবাড়ী এবং পাটুরিয়া-দৌলতদিয়া রুট রয়েছে। এসব এলাকার ভৌগোলিক অবস্থান ও নদীসংক্রান্ত বৈশিষ্ট্য পরীক্ষা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারের নীতিগত সিদ্ধান্তের পর তিনটি রুট প্রাথমিকভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরামর্শক দল পুরো অঞ্চলে কাজ করছে। তারা ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং হাইড্রোগ্রাফিক বিষয়গুলো পরীক্ষা করছেন।

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, পদ্মা ব্যারাজ প্রকল্প এরই মধ্যে গ্রহণ করা হয়েছে। ওয়াই-টাইপ দ্বিতীয় পদ্মা সেতুও নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। নির্বাচনি ইশতেহারেও এসব প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার করেছে সরকার।

তিনি আরও বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নের আগে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। ভৌত কাজের মধ্যে সামঞ্জস্য তৈরির উদ্দেশ্যে সভাটি অনুষ্ঠিত হয়েছে। পদ্মা ব্যারাজের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি যোগাযোগের ক্ষেত্রেও ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এসব বিষয় বিবেচনায় রেখেই ব্যারাজের পরিকল্পনা তৈরি করা হচ্ছে।

পদ্মা ব্যারাজ ও ওয়াই-টাইপ সেতুর মধ্যে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে কি না, তা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি একটি প্রকল্প অন্যটির পরিপূরক হতে পারবে কি না, সেটিও পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পদ্মা ব্যারাজের পরিকল্পনা অনুযায়ী কাজ চলবে। একই সঙ্গে ওয়াই-টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগও এগিয়ে নেওয়া হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21689 ,   Print Date & Time: Monday, 9 November 2026, 01:07:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh