![]()
ইবি রিপোর্ট
২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশাকে নতুনভাবে সামনে এনেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তাঁর মতে, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই জনগণের ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। স্বাধীনতা অর্জনের ইতিহাস আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গৌরবময় অধ্যায়। একইভাবে ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুন মাত্রা দিয়েছে। এর মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে।
গণতন্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে স্পিকার বলেন, গণতন্ত্র ছাড়া কোনো দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এ কারণে ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি।
জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে সংবিধানের মর্যাদা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালনকে এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।
সংসদীয় গণতন্ত্রের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা এবং দায়িত্বশীল মতপ্রকাশ সংসদীয় গণতন্ত্রের মূল ভিত্তি। ভিন্নমত ও ভিন্ন রাজনৈতিক পথের সহাবস্থানই সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য।
তিনি আরও বলেন, সংসদের ভেতরে আলোচনার মধ্য দিয়েই বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। একই সঙ্গে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
স্পিকার আশা প্রকাশ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্যরা সংসদীয় রীতিনীতি ও শালীনতা বজায় রাখবেন। পাশাপাশি একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ প্রদর্শন করে দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবেন।