• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > কৃষিঋণ মওকুফে অনিয়ম, সরকারের অর্থ নিয়েও প্রশ্ন

কৃষিঋণ মওকুফে অনিয়ম, সরকারের অর্থ নিয়েও প্রশ্ন

  • সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৬:৩০
  • ১৫

---

ইবি রিপোর্ট 

কৃষকের ঋণ মওকুফের সরকারি উদ্যোগ ঘিরে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নিয়ম অমান্য করে ১০ হাজার টাকার ঋণ সুদে-আসলে এক লাখ টাকা ছাড়িয়েছে। পরে সেই ঋণ ২০ হাজার টাকায় নামিয়ে সরকারি অর্থে নিষ্পত্তি করা হয়েছে। এতে ব্যাংকের আয় খাতে আগে জমা হওয়া বাড়তি সুদও মওকুফ হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ১৯৯৩ সালের নির্দেশনা অনুযায়ী, সুদসহ ঋণ মূল ঋণের দ্বিগুণ হলে নতুন করে সুদ আরোপ করা যাবে না। তবে অনুসন্ধানে দেখা গেছে, কৃষি ব্যাংকের বিভিন্ন ঋণে এই নিয়ম মানা হয়নি। কোনো কোনো ১০ হাজার টাকার ঋণ এক থেকে দেড় লাখ টাকায় পৌঁছেছে। পরে বাড়তি সুদ আয় খাতে দেখিয়ে মওকুফের সময় তা বাদ দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের সখিপুর শাখার রফিকুল ইসলামের ঋণ এর একটি উদাহরণ। তাঁর নামে ব্যাংকের প্রকৃত ঋণ স্থিতি ছিল এক লাখ ৫৪ হাজার ৪৩৯ টাকা। কিন্তু পর্ষদে উপস্থাপিত নথিতে মূল ঋণ ও সুদ মিলিয়ে ২০ হাজার টাকা দেখানো হয়। সরকারি সুবিধায় ঋণ নিষ্পত্তির সময় এক লাখ ৩৪ হাজার টাকা আয় খাত থেকে বাদ দেওয়া হয়েছে।

একইভাবে কক্সবাজারের কুতুবদিয়া শাখার জয়ন্ত কুমার দাশের ৯৪ হাজার ৭৩ টাকার ঋণ ২০ হাজার টাকা দেখিয়ে নিষ্পত্তি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর শাখার শহীদ মিয়ার এক লাখ তিন হাজার ৫৫০ টাকার ঋণও একই সুবিধায় নিষ্পত্তি হয়েছে। এই তিনটি ঋণ নিষ্পত্তিতে ব্যাংককে আয় খাত থেকে মোট তিন লাখ তিন হাজার ৬০ টাকা বাদ দিতে হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত হয়। পরে নিরীক্ষার আগেই অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৫ মার্চ অর্থ মন্ত্রণালয় এ জন্য অর্থ ছাড় করে। শর্ত অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষার পর প্রকৃত হিসাব চূড়ান্ত হওয়ার কথা ছিল।

অনুসন্ধানে ৩৩ হাজার ৪৭৯টি ঋণের তথ্য যাচাই করা হয়েছে। এসব ঋণের মধ্যে অন্তত অর্ধেকে কোনো না কোনো অনিয়ম থাকার তথ্য পাওয়া গেছে। ১৯৭৯ থেকে ১৯৯১ সালের মধ্যে তৈরি হয়েছে ১১ হাজার ৪৪৬টি ঋণ। ১৯৯২ থেকে ২০০১ সালের মধ্যে তৈরি ঋণ ৯ হাজার ৬০০টি। আর ২০০২ থেকে ২০১৮ সালের মধ্যে তৈরি হয়েছে ১১ হাজার ৭৭৪টি ঋণ।

এসব গ্রাহকের কাছে ব্যাংকের মোট পাওনা ছিল ৩৪ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকা। এর মধ্যে ৫ কোটি ৩৫ লাখ টাকা আয় খাত থেকে বাদ দিয়ে সরকার থেকে নেওয়া হয়েছে ২৯ কোটি ৪৯ লাখ ৪৯ হাজার টাকা।

নারায়ণগঞ্জের আড়াইহাজার শাখার ঋণ নিয়েও প্রশ্ন উঠেছে। সেখানে এক হাজার গ্রাহকের জন্য চার কোটির বেশি টাকা মওকুফ সুবিধা নেওয়া হয়েছে। অনুসন্ধানে ব্যাংকের দেওয়া ঠিকানায় গিয়ে তালিকাভুক্ত ২০ জন গ্রাহকের কাউকেই পাওয়া যায়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারাও তাঁদের পরিচয় নিশ্চিত করতে পারেননি।

ঋণ মওকুফের আবেদন ম্যানুয়ালি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলেও অনুসন্ধানে উঠে এসেছে। এতে ব্যাংকের মূল সফটওয়্যারে লেনদেনের ডিজিটাল তথ্য না থাকার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত মওকুফ কার্যক্রম সম্পন্ন করতে গত ১৬ জুন ১১ সদস্যের বিশেষ কমিটিও গঠন করে ব্যাংক।

তবে কৃষি ব্যাংক অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীর লিখিত বক্তব্যে বলা হয়েছে, ১৯৯৩ সালের নির্দেশনা মেনেই সুদ হিসাব করা হয়েছে। প্রতিটি ঋণ যাচাই ও নিরীক্ষার পর পর্ষদে উপস্থাপন করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঋণ মওকুফের সুবিধা পেয়েছেন ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন কৃষক।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান অভিযোগগুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক পরিদর্শনের মাধ্যমে এসব খতিয়ে দেখবে। প্রয়োজনে কৃষি ব্যাংকের ওপর বিশেষ নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে এবং সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21684 ,   Print Date & Time: Monday, 9 November 2026, 01:37:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh