![]()
ইবি রিপোর্ট
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের প্রসঙ্গ তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, আইন নিজস্ব গতিতে চলবে। প্রতিদিন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে শেখ হাসিনার দেশে ফেরার দিবাস্বপ্ন সফল করা সম্ভব হবে না।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, ৭ নভেম্বর অহংকারী লুটেরাদের পতনের চেতনা বহন করে। গণহত্যার পরও পলাতক শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। তিনি এখনো নিজের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত নন। অথচ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারির ভুলের পর বিভিন্ন সভায় ক্ষমা চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা তার শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের বিষয়ে অনুশোচনা প্রকাশ করেননি।
বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। সে সময় বলা হতো, আইন তার নিজস্ব গতিতে চলে। তাহলে এখন শেখ হাসিনা কেন বিদেশে ধরণা দিচ্ছেন? তার ক্ষেত্রেও আদালত নিজস্ব নিয়মে চলবে এবং আইন তার গতিতেই কার্যকর হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা আবারও বিভিন্ন দেশের রাজনীতিকদের কাছ থেকে সমর্থন বা সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করছেন। দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা দণ্ড যেন কার্যকর না হয়, সে উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন রিজভী।
খালেদা জিয়ার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছিল উল্লেখ করে রিজভী বলেন, তখন এ ঘটনার প্রতিবাদ জানালে আইনমন্ত্রী ও ওবায়দুল কাদের বলতেন, আদালত নিজস্ব গতিতে চলে। এখন শেখ হাসিনার ক্ষেত্রে সেই আইন ও আদালত কেন একইভাবে চলবে না, সেই প্রশ্ন তোলেন তিনি।
তারেক রহমান ও শেখ হাসিনার বক্তব্যের মধ্যে পার্থক্য তুলে ধরে রিজভী বলেন, তারেক রহমানের বক্তব্যে দেশপ্রেমিক জাতীয়তাবাদী চেতনার প্রকাশ রয়েছে। অন্যদিকে শেখ হাসিনার বক্তব্যে আত্মসমর্পণ ও ক্রীতদাসসুলভ মানসিকতার প্রতিফলন ঘটেছে।
জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান ডা. মুজিবুর রহমান হাওলাদার, মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদসহ অন্যরা।