• হোম > জাতীয় | বাংলাদেশ > নৌবাহিনী ও নৌপরিবহন অধিদফতরের মধ্যে সমঝোতা স্মারক সই

নৌবাহিনী ও নৌপরিবহন অধিদফতরের মধ্যে সমঝোতা স্মারক সই

  • সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৬:২৫
  • ২৩

---

ইবি রিপোর্ট

সমুদ্রসীমার নিরাপত্তা জোরদার, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং নীল অর্থনীতির উন্নয়নে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও নৌপরিবহন অধিদফতর। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন যৌথ কার্যক্রম বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) নৌ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নৌপরিবহন অধিদফতরের পক্ষে এতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন ডাইরেক্টর, নেভাল অপারেশন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষর অনুষ্ঠানের বিষয়টি জানান। অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া নৌপরিবহন অধিদফতরের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন মো. গিয়াসউদ্দীন আহমেদ, চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমান এবং ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার মোহাম্মদ ওবায়েদ উল্লাহ ইবনে বশির।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যৌথ কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে প্রযুক্তিগত সহায়তা বিনিময়, সংশ্লিষ্ট জনবলের দক্ষতা উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা সহজ হবে।

তারা আরও বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং সামুদ্রিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে নীল অর্থনীতির বিকাশ ঘটানো প্রয়োজন। এ জন্য সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সমন্বিত উদ্যোগ ও সহযোগিতা বাড়ানো জরুরি।

বক্তারা আশা প্রকাশ করেন, সমঝোতা স্মারক বাস্তবায়নের ফলে বাংলাদেশ নৌবাহিনীতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গবেষণার কার্যক্রম নতুন গতি পাবে। পাশাপাশি নৌপরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

সংশ্লিষ্টরা মনে করেন, এই চুক্তির মাধ্যমে নৌপরিবহন অধিদফতর ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বিদ্যমান যোগাযোগ ও সমন্বয় আরও সুসংহত হবে। জাতীয় নিরাপত্তা, সমুদ্রসীমা সুরক্ষা এবং নীল অর্থনীতির বিকাশে দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ বাস্তবায়নে সমঝোতা স্মারকটি সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21681 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 12:01:31 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh