• হোম > রাজনীতি > শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে আসিফ মাহমুদের কড়া মন্তব্য

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে আসিফ মাহমুদের কড়া মন্তব্য

  • সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৪:১৮
  • ২৭

---

ইবি রিপোর্ট

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এ আবেদন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন আসিফ মাহমুদ। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনের বিষয়টি প্রকাশিত হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৯ নভেম্বর) আইনজীবীদের মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়েছেন শেখ হাসিনা। বার্তা সংস্থাটি জানিয়েছে, তাদের হাতে ওই চিঠি এসেছে এবং সেটি দেখার সুযোগ হয়েছে।

প্রতিবেদনে আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে বলা হয়েছে, দেশে ফেরার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার প্রত্যাবর্তনের তারিখ নির্ধারণ করা হবে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠিয়েছেন শেখ হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা।

চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তাঁদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

চিঠিতে বলা হয়েছে, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এমতাবস্থায়, তার জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।

এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে বক্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। শেখ হাসিনার পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন। অন্যরা ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে আছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে বলেও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21647 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 12:28:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh