• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ১০১ সহযোগী সংস্থার মাধ্যমে ঋণ দিচ্ছে পিকেএসএফ

১০১ সহযোগী সংস্থার মাধ্যমে ঋণ দিচ্ছে পিকেএসএফ

  • সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৪:০৮
  • ২৭

---

ইবি রিপোর্ট

ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও নতুন উদ্যোগ গড়ে তুলতে অর্থায়ন বাড়ছে। এ লক্ষ্যে ১০১টি সহযোগী সংস্থার মাধ্যমে ঋণের অর্থ ছাড় করেছে পিকেএসএফ। বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত বিশেষ কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২ হাজার ৫০০ কোটি টাকা। ইতিমধ্যে মাঠপর্যায়ে প্রায় ৫০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তার কাছে পৌঁছেছে ঋণের অর্থ। এসব ঋণগ্রহীতার মধ্যে ৮৭ শতাংশই নারী উদ্যোক্তা।

রোববার (৮ নভেম্বর) পিকেএসএফের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক সুহাস শংকর চৌধুরী। এতে বলা হয়, ‘কুটির ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির জন্য বিশেষ তহবিল (সোপান)’ কর্মসূচির আওতায় অর্থ বিতরণ চলছে। কর্মসূচিটি বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে।

এ কর্মসূচির অধীনে সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে মোট ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় হয়েছে। এর মধ্যে মাঠপর্যায়ে উদ্যোক্তাদের বিতরণ করা হয়েছে ১ হাজার ৪১৬ কোটি টাকা। সুবিধাভোগী উদ্যোক্তার সংখ্যা প্রায় ৫০ হাজার। তাঁদের মধ্যে নারীদের অংশগ্রহণের হার ৮৭ শতাংশ।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক প্রথম ধাপে অর্থ ছাড় করে। ওই সময় পিকেএসএফ পেয়েছিল ১ হাজার ২৫০ কোটি টাকা। পরবর্তী অর্থায়নের মাধ্যমে কর্মসূচির কার্যক্রম আরও সম্প্রসারিত হচ্ছে।

দেশের ৬৪ জেলায় সোপান কর্মসূচির আওতায় চারটি উপখাতে ঋণ দেওয়া হচ্ছে। উপখাতগুলো হলো প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ম্যানুফ্যাকচারিং, সেবা এবং ভ্যালু চেইন অর্থায়ন। এসব খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে অর্থায়ন করা হচ্ছে। পাশাপাশি বিদ্যমান ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারণেও ঋণ সহায়তা দেওয়া হচ্ছে।

এ ছাড়া উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কার্যক্রমেও অর্থায়ন রয়েছে। এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসার বিভিন্ন পর্যায়ে উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। কৃষিভিত্তিক ও অকৃষিভিত্তিক উভয় ধরনের উদ্যোগ কর্মসূচির আওতায় রয়েছে।

গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উদ্যোক্তা তৈরি কর্মসূচিটির অন্যতম লক্ষ্য। একই সঙ্গে নারী ও তরুণদের অর্থনৈতিক ক্ষমতায়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং কর্মসংস্থান সৃষ্টি করাও এর উদ্দেশ্য। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এসব লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক পিকেএসএফের জন্য বিশেষ ঋণ তহবিল অনুমোদন করেছে। তহবিলটির মোট পরিমাণ ৫ হাজার কোটি টাকা। এর মধ্যে তিন ধাপে ইতিমধ্যে ৩ হাজার ৭৫০ কোটি টাকা পাওয়া গেছে। অবশিষ্ট ১ হাজার ২৫০ কোটি টাকা আগামী ডিসেম্বরের মধ্যে পাওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, পুরো অর্থ ২০২৭ সালের জানুয়ারির মধ্যে উদ্যোক্তাদের বিতরণ করা হবে। এতে ক্ষুদ্র ও কুটিরশিল্প খাতে অর্থায়নের পরিধি আরও বাড়বে।

ঋণ বিতরণের মান বজায় রাখতে বিশেষ তদারকি ব্যবস্থা চালু রেখেছে পিকেএসএফ। মাঠপর্যায়ে সদস্যভিত্তিক ঋণ বিতরণের তথ্য নিয়মিত সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি কর্মসংস্থানসংক্রান্ত তথ্যও উন্নত ডিজিটাল ব্যবস্থায় প্রতিদিন সংরক্ষণ করা হচ্ছে। এসব তথ্য নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে ঋণ কার্যক্রমের অগ্রগতি যাচাই করা হচ্ছে।

এভাবে ঋণ বিতরণ, কর্মসংস্থান ও উদ্যোক্তাদের কার্যক্রমের তথ্য একসঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। কর্মসূচির অর্থায়ন ও তদারকি কার্যক্রম পরিচালনায় এই ব্যবস্থা অনুসরণ করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21641 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 12:36:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh