• হোম > দেশজুড়ে > ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় আটক ৭

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় আটক ৭

  • সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৩:৪১
  • ১৭

---

ইবি রিপোর্ট

পুলিশের হাতে আটক হওয়ার পর হাতকড়াসহ এক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ঝালকাঠির নলছিটিতে সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা এবং সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। তবে ছিনিয়ে নেওয়া কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লা এখনো পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বিকেল ও রাতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে আটক করে পুলিশ। পরে তাঁকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় তাঁর পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালান।

একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়। হামলায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাড়াও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। বিকেল থেকে রাত পর্যন্ত পরিচালিত অভিযানে সাতজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ভরতকাঠি এলাকার মজিদ হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (২৭), একই এলাকার মজিবুব রহমানের ছেলে মিল্টন হাওলাদার (২০), গৌরিপাশা এলাকার মোবারক খলিফার ছেলে শহিদুল ইসলাম (২৮), দপদপিয়া এলাকার জাহাঙ্গীর মৃধার ছেলে রুবেল মৃধা (৩০) ও রাকিব মৃধা (২৫)।

এ ছাড়া একই এলাকার নুর মোহাম্মদের স্ত্রী সেলিনা বেগম (৫৫) এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাদল এলাকার মালেক মৃধার ছেলে রাশেদ মৃধাকেও আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক সাতজন বর্তমানে নলছিটি থানা হেফাজতে রয়েছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে সাতজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় জড়িত অন্য আসামিদের পাশাপাশি ছিনিয়ে নেওয়া সিরাজ মোল্লাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁদের আটক না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এদিকে ঘটনার পর নলছিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ। এসব চেকপোস্টের মাধ্যমে যানবাহন ও চলাচলকারী ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে পুরো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং হামলায় অংশ নেওয়া অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21627 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 12:46:48 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh