• হোম > জাতীয় | বাংলাদেশ | রাজধানী > ঢাকাজুড়ে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, নগরজুড়ে আতঙ্ক

ঢাকাজুড়ে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, নগরজুড়ে আতঙ্ক

  • সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৩:০৭
  • ২৩

---

ইবি রিপোর্ট

রাজধানী ঢাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় নগরজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এসব ঘটনা রবিবার (৮ নভেম্বর) রাতে আরও বিস্তৃত হয়। ওই রাতে রাজধানীর অন্তত পাঁচটি থানা প্রাঙ্গণ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে ভাটারা থানা প্রাঙ্গণের সামনে পার্কিংয়ে থাকা একটি স্কুলবাসসহ যাত্রীবাহী বাসেও আগুন দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ধারাবাহিক বিস্ফোরণের সূত্রপাত হয়। টিএসসি ও নীলক্ষেতসহ ক্যাম্পাসের অন্তত পাঁচটি স্থানে আধা ঘণ্টার ব্যবধানে একের পর এক ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের একজন নিজেকে বিএনপির কর্মী বলে দাবি করেছেন।

বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হওয়া বিস্ফোরণের ঘটনা রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ছড়িয়ে পড়ে।

রাত সোয়া ৮টার দিকে পল্লবী ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা পল্লবী থানা কম্পাউন্ডের ভেতরে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের বিকট শব্দে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এক এসআরবি সদস্য আহত হন।

এ ছাড়া মালিবাগে সিআইডি সদরদপ্তরের সামনে এবং পল্টন থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১০টার দিকে খিলক্ষেত থানার প্রবেশমুখে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে থানা প্রাঙ্গণে থাকা পুলিশ সদস্যদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়। এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দারুস সালাম, উত্তরা পূর্ব ও রূপনগর থানার সামনেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। রূপনগর থানায় হামলা চালিয়ে পালানোর সময় একজনকে আটক করে স্থানীয়রা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাজধানীর অন্যান্য এলাকাতেও একই ধরনের ঘটনা ঘটেছে। মহাখালী, তেজগাঁও, পান্থপথ, ধানমন্ডি, গাবতলী, ক্যান্টনমেন্ট স্টেশন, হোটেল রেডিসন ব্লুর আশপাশ এবং যাত্রাবাড়ীতে মোটরবাস ও ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি সিসিটিভি ও ড্যাশক্যাম ভিডিওতে মোটরসাইকেলে থাকা হেলমেট পরা দুই ব্যক্তিকে ককটেল নিক্ষেপ করতে দেখা গেছে। ভিডিওগুলোতে তাঁদের চলন্ত মোটরসাইকেল থেকে লক্ষ্যবস্তুতে ককটেল ছুড়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যেতে দেখা যায়। হামলার দৃশ্য ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছে।

একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। বনশ্রীর বেসরকারি চাকরিজীবী আবির হোসেন বলেন, ২০২৪ সালের আন্দোলনের সহিংসতার ক্ষত এখনো কাটেনি। এর মধ্যে থানার মতো স্থানে হামলার ঘটনা নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা বাড়াচ্ছে বলে মনে করেন তিনি।

পথচারী কামরুজ্জামান শাহিন বলেন, দ্রব্যমূল্যের চাপে সাধারণ মানুষ এমনিতেই সমস্যায় রয়েছে। এর মধ্যে দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে সাধারণ মানুষকেই বেশি ভোগান্তিতে পড়তে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন এই পথচারী।

এদিকে গৃহিণী রোজিনা ইসলামসহ সাধারণ পথচারীরা এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

রাজধানীর সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, জনমনে ভীতি ছড়ানো এবং নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী গোষ্ঠী এসব ঘটনা ঘটাচ্ছে।

তিনি বলেন, পুলিশ প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পেট্রোল পাম্প থেকে শুরু করে বিস্ফোরক ও দাহ্য পদার্থের কেনাবেচার ওপর বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন মোড়ে পিকেট ডিউটি বাড়ানো হয়েছে। পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে পুলিশের মোবাইল প্যাট্রোল কার্যক্রম।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21612 ,   Print Date & Time: Monday, 9 November 2026, 01:37:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh