• হোম > জাতীয় | দেশজুড়ে | রাজশাহী > লাওসে সাত মাস ধরে পাহাড়ে পালিয়ে থাকার অভিযোগ রায়হানের পরিবারের

লাওসে সাত মাস ধরে পাহাড়ে পালিয়ে থাকার অভিযোগ রায়হানের পরিবারের

  • সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮
  • ৩৩

---

 ইবি রিপোর্ট

সচ্ছল জীবনের স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিলেন রাজশাহীর বাগমারার তরুণ রায়হান উদ্দিন। কিন্তু সাত মাস ধরে লাওসে তাঁর দিন কাটছে আতঙ্ক, অনিশ্চয়তা আর অনাহারে। পরিবারের অভিযোগ, কাজের প্রলোভনে তাঁকে বিদেশে পাঠিয়ে দালালেরা আটকে রেখেছেন। পুলিশের অভিযানের ভয় দেখিয়ে তাঁকে পাহাড় ও জঙ্গলে পালিয়ে থাকতে বাধ্য করা হচ্ছে। কাজ করেও মিলছে না কোনো পারিশ্রমিক, উল্টো দাবি করা হচ্ছে টাকা।

পরিবারের অভিযোগ, ছেলেকে বিদেশে পাঠাতে জমি বিক্রি করতে হয়েছে। ভ্যান চালিয়ে সঞ্চয় করা অর্থও তাঁর পেছনে ব্যয় করেছেন বাবা। সব মিলিয়ে রায়হানের বিদেশযাত্রায় খরচ হয়েছে ৪ লাখ ৩০ হাজার টাকা। অথচ বিদেশে যাওয়ার পর থেকে পরিবার কোনো অর্থ পায়নি। বরং স্থানীয় দালালেরা এখন পরিবারের কাছে অতিরিক্ত টাকা দাবি করছেন। এ ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রায়হানের বাবা।

ভুক্তভোগী তরুণের নাম রায়হান উদ্দিন (২১)। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার হায়াতপুর গ্রামে। তিনি ভ্যানচালক গোকুল হোসেনের ছেলে। গতকাল রোববার বিকেলে সাংবাদিকদের কাছে ছেলের দুর্দশার বিস্তারিত তুলে ধরেন গোকুল হোসেন।

পরিবারের সদস্য ও থানায় দেওয়া অভিযোগ থেকে এসব তথ্য জানা গেছে। চলতি বছরের মার্চে স্থানীয় দুই আদম ব্যবসায়ীর মাধ্যমে লাওসে যান রায়হান। ওই দুই ব্যক্তির নাম রেজাউল করিম ও সাজেদুর রহমান। ভালো চাকরি ও আকর্ষণীয় বেতনের আশ্বাস দিয়েছিলেন তাঁরা। সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে পরিবার তাঁদের হাতে টাকা তুলে দেয়।

অভিযোগ অনুযায়ী, লাওসের বিমানবন্দরে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়। স্থানীয় সহযোগীরা রায়হানকে নিয়ে গিয়ে নিজেদের নিয়ন্ত্রণে রাখেন। এ সময় তাঁর পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্রও কেড়ে নেওয়া হয়। দুই মাসের পর্যটক ভিসা নিয়ে সেখানে গেলেও প্রতিশ্রুত চাকরি পাননি। বরং বিভিন্ন জায়গায় নামমাত্র কাজ করানো হয়েছে তাঁকে। এসব কাজের বিনিময়ে রায়হান কিংবা তাঁর পরিবার কোনো মজুরি পাননি।

অভিযোগের বিষয়ে সাজেদুর রহমান নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘আমি শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেছি, টাকাপয়সার লেনদেন তারা করেছে। তবে ১৫ নভেম্বরের মধ্যে রায়হানকে ভালো কাজ পাইয়ে দেওয়া হবে বলে আমাকে জানানো হয়েছে।’

হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে নিজের অভিজ্ঞতার কথা জানান রায়হান।  তিনি বলেন, লাওসে নেওয়ার পর একটি কক্ষে অন্যদের সঙ্গে আটকে রাখা হয়েছিল। সেখানে সবাইকে গাদাগাদি করে থাকতে হতো। কয়েক দিন পর তাঁকে অন্য একটি জায়গায় স্থানান্তর করা হয়। সেখানে খাবারের ব্যবস্থাও ছিল অপর্যাপ্ত। তাঁর সঙ্গে বাগমারার আরও ৫ জন রয়েছেন। সব মিলিয়ে একই পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন মোট ১২ জন।

কাজের পারিশ্রমিক নিয়েও অভিযোগ করেছেন রায়হান। তাঁর ভাষ্য অনুযায়ী, কাজে নেওয়া হলেও উপার্জিত সব টাকা দালালেরা নিয়ে যান। ভালো কাজের কথা তুললেই নির্যাতন ও পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পারমিট কার্ড দেওয়ার আশ্বাসও এখন পর্যন্ত পূরণ হয়নি। সাত মাস পার হলেও তিনি কোনো কার্ড পাননি।

রায়হান বলেন, কার্ড চাইলে দালালেরা তাঁকে এক বছরের জন্য বিক্রি করে দেওয়ার কথা বলেন। তাঁদের বক্তব্য, ‘তোমাকে এক বছরের জন্য বিক্রি করে দেওয়া হয়েছে, এভাবেই থাকতে হবে।’

পুলিশের অভিযান শুরু হলে অবৈধ অভিবাসীদের পাহাড়ে পাঠানো হয় বলেও দাবি করেন রায়হান। তাঁর অভিযোগ, সেখানে চার-পাঁচ দিন পর্যন্ত খাবার পাওয়া যায় না। ক্ষুধা মেটাতে পাহাড় থেকে বস্তাভর্তি ফলমূল সংগ্রহ করতে হয় তাঁদের। এভাবেই অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন পার করছেন তাঁরা।

কথা বলার একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন রায়হান। নিজের কষ্টের কথা জানিয়ে তিনি বলেন, ‘বিদ্যাশ আইসা যে কষ্ট করিত্তি, দেশেও কষ্ট করিনি। লাওসে আসার পর থাইক্যা শুধু আলু খাইয়্যা আছি।’

এদিকে স্থানীয় একাধিক বাসিন্দা রায়হানের পরিবারের আর্থিক দুরবস্থার কথা জানিয়েছেন। তাঁদের ভাষ্য, গোকুল হোসেন ধারদেনা করে এবং জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু ছেলে শেষ পর্যন্ত দালালের নিয়ন্ত্রণে পড়েছেন। বর্তমানে ঋণের কিস্তি পরিশোধের জন্য বৃদ্ধ বয়সেও তাঁকে ভ্যান চালাতে হচ্ছে।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ইতিমধ্যেই একজন উপপরিদর্শককে (এসআই) বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21607 ,   Print Date & Time: Monday, 9 November 2026, 01:10:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh