• হোম > জাতীয় | বাংলাদেশ > পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় বৈঠক

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ দ্বিতীয় বৈঠক

  • সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১২:১৫
  • ১৫

---

ইবি রিপোর্ট

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নিতে আজ সোমবার (৯ নভেম্বর) দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবে। পাশাপাশি মালিকপক্ষের প্রস্তাব নিয়েও আলোচনার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্রমিকপক্ষের তৈরি করা মজুরি কাঠামো আজকের বৈঠকে বোর্ডের কাছে জমা দেওয়া হবে। প্রস্তাবটি পর্যালোচনার সময় শ্রমিকদের বর্তমান জীবনযাত্রার ব্যয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং তৈরি পোশাক খাতের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে। এসব বিষয় বিবেচনা করে একটি বাস্তবসম্মত ও সময়োপযোগী মজুরি কাঠামো তৈরির বিষয়ে আলোচনা হতে পারে।

বৈঠকের আলোচ্যসূচিতে মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামোও রয়েছে। তবে তাদের প্রস্তাব এখনো চূড়ান্ত না হওয়ায় আজই তা জমা দেওয়া হবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।

এর আগে গতকাল রোববার নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানিয়েছিলেন, বিভিন্ন শ্রমিক সংগঠন ও অংশীজনের কাছ থেকে পাওয়া সুপারিশগুলো পর্যালোচনা করে একটি যৌক্তিক ও সময়োপযোগী মজুরি কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে।

অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিল্পাঞ্চলে বিরাজমান অস্থিরতা এবং কয়েকটি কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া বা বন্ধ থাকার বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। সোমবারের সভার প্রস্তুতি সম্পন্ন হলেও আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করে মালিকপক্ষ তাদের প্রস্তাব চূড়ান্তভাবে জমা দেওয়ার সিদ্ধান্ত নেবে। আজ প্রস্তাব জমা দেওয়ার সম্ভাবনা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তা পিছিয়ে যেতে পারে।

এর আগে গত ৪ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মালিক ও শ্রমিক—উভয় পক্ষকে নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা এড়ানো এবং দ্রুত ও স্বচ্ছভাবে মজুরি নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১ নভেম্বর তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের উদ্দেশ্যে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে গঠিত এই বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের নির্দিষ্ট প্রতিনিধিদের পাশাপাশি একজন নিরপেক্ষ সদস্যও রয়েছেন।

আজকের বৈঠকে শ্রমিকপক্ষের প্রস্তাব উপস্থাপন এবং মালিকপক্ষের অবস্থান নিয়ে আলোচনা হওয়ার কথা। এ সভার সিদ্ধান্ত ও পরবর্তী কার্যক্রমের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছেন তৈরি পোশাক খাতের শ্রমিক ও মালিকরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21598 ,   Print Date & Time: Monday, 9 November 2026, 01:10:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh