![]()
ইবি রিপোর্ট
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, অর্থায়ন ও ক্ষয়ক্ষতি নিরসনের বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিয়ে বাংলাদেশের জলবায়ু ন্যায়বিচার ও অভিযোজনসংক্রান্ত অবস্থান তুলে ধরবেন তিনি। একই সফরে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতার বিষয়েও আলোচনা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বলেন, ১০ থেকে ১২ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল কপ-৩১ সম্মেলনে অংশ নেবে।
আগামী ১২ নভেম্বর সম্মেলনের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সেখানে জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবেলা এবং জলবায়ু সহনশীল উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।
বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ। অথচ জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সম্মেলনে এই বাস্তবতাও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরবে বাংলাদেশ।
সফরকালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এসব আলোচনায় দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও জলবায়ু সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, চীনের ভাইস প্রেসিডেন্ট এবং উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অ্যাডমিনিস্ট্রেটরের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের উদ্যোগে পাটের একটি প্যাভিলিয়ন স্থাপনের পরিকল্পনা রয়েছে। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হবে। পাট ও পাটজাত পণ্যের ব্যবহার এবং প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণা গ্রহণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
সম্মেলনের ব্লু জোনে ১২ ও ১৩ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দুটি পার্শ্ব-আয়োজন অনুষ্ঠিত হবে। এর একটি আয়োজনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের নারীদের বিশেষ ঝুঁকি ও ভঙ্গুরতার বিষয় তুলে ধরা হবে। অন্য আয়োজনে সিনথেটিক পলিমারের পরিবর্তে পরিবেশবান্ধব, জীবাণুবিয়োজ্য ও শূন্য-বর্জ্যভিত্তিক পাটপণ্য ব্যবহারের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, জলবায়ু অর্থায়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। প্যারিস চুক্তির আওতায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত সহযোগিতা সব ক্ষেত্রে যথাযথভাবে পাওয়া যাচ্ছে না। কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরবে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা, অভিযোজন সক্ষমতা ও অর্জন তুলে ধরা এবং দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়াও এ সফরের অন্যতম লক্ষ্য।