• হোম > জাতীয় | প্রধানমন্ত্রী | বাংলাদেশ > কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১২:০৪
  • ৩৫

---

ইবি রিপোর্ট

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরতে তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল মঙ্গলবার তিনি দেশটির আনতালিয়ার উদ্দেশে রওনা হবেন। ১০ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য এ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বাড়ানো এবং কার্বন নিঃসরণকারী দেশগুলোর দায়বদ্ধতার বিষয়গুলো তুলে ধরবেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব বলেন, তুরস্ক সফরকালে প্রধানমন্ত্রী কয়েকটি দেশের নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিনি জানান, বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু বিষয়ে দেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরা হবে। বিশেষ করে জলবায়ু অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং কার্বন নিঃসরণকারী দেশগুলোর দায়িত্ব ও দায়বদ্ধতার বিষয়গুলো সম্মেলনে আলোচনায় আসবে।

প্রধানমন্ত্রীর এ সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

১০ থেকে ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী। একই সফরে বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করবেন তিনি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21591 ,   Print Date & Time: Monday, 9 November 2026, 01:30:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh