• হোম > জাতীয় | বাংলাদেশ > নিষেধাজ্ঞা উপেক্ষা করে কমিশনে গ্রাহক টানছে বিমা কোম্পানি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কমিশনে গ্রাহক টানছে বিমা কোম্পানি

  • সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১১:৩১
  • ২৫

---

ইবি রিপোর্ট

বিমা খাতে ব্যক্তি এজেন্টের কমিশন বন্ধে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা কার্যকর হলেও বাস্তবে এর সুফল মিলছে না বলে অভিযোগ উঠেছে। নির্দেশনা উপেক্ষা করে কিছু বিমা প্রতিষ্ঠান গোপনে কমিশন দিয়ে প্রতিদ্বন্দ্বী কোম্পানির গ্রাহকদের নিজেদের দিকে টানছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। এতে নিয়ম মেনে কমিশন ছাড়া ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো একদিকে পুরোনো গ্রাহক হারাচ্ছে, অন্যদিকে নতুন ব্যবসা অর্জনেও প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এ পরিস্থিতিতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নজরদারি বাড়ানো এবং অনিয়মে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে বর্তমানে ৪৬টি নন-লাইফ বা সাধারণ বিমা কোম্পানি রয়েছে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশের বিরুদ্ধে গোপনে কমিশন দিয়ে গ্রাহক আকৃষ্ট করার অভিযোগ রয়েছে। ফলে কমিশন বন্ধের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে বিমা খাতে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

এ বিষয়ে আইডিআরএর জনসংযোগ কর্মকর্তা সাদিক আরমান গণমাধ্যমকে জানান, প্রজ্ঞাপনের যথাযথ বাস্তবায়ন এবং নজরদারি জোরদারে বিভিন্ন বিমা প্রতিষ্ঠানে পরিদর্শন কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রজ্ঞাপনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে এবং নজরদারি জোরদার করতে পরিদর্শন দল বিভিন্ন বিমা প্রতিষ্ঠানে কাজ করছে। নজরদারির পাশাপাশি কিছু প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়েছে।’

নিয়ন্ত্রক সংস্থার নজরদারি আরও কার্যকর করতে তথ্যপ্রযুক্তিনির্ভর একটি ব্যবস্থা চালুর কাজ চলছে বলে জানান তিনি। সাদিক আরমানের ভাষ্য, এই ব্যবস্থা চালু হলে প্রতিটি বিমা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে। এতে তথ্য গোপন কিংবা আড়ালে অনিয়ম করার সুযোগ কমবে।

নতুন ব্যবস্থায় প্রতিটি বিমা পলিসির জন্য আলাদা শনাক্তকরণ নম্বর বা ইউনিক পলিসি আইডি থাকবে। আইডিআরএর নির্ধারিত ব্যবস্থার বাইরে কোনো প্রতিষ্ঠান পলিসি ইস্যু করতে পারবে না। শুধু নিয়ন্ত্রক সংস্থার সিস্টেম থেকেই এসব নম্বর দেওয়া হবে বলে জানান তিনি।

সাদিক আরমান বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শন পরিচালনা কিংবা জরিমানা করা সব সময় সহজ নয়। এ কারণে সব কোম্পানিকে প্রযুক্তিভিত্তিক ব্যবস্থার আওতায় এনে রিয়েল টাইমে তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তার আশা, ডিসেম্বরের মধ্যে পুরো কার্যক্রম স্বয়ংক্রিয় ব্যবস্থার অধীনে আসবে।

তিনি আরও জানান, ঋণপত্র (এলসি) সংক্রান্ত কার্যক্রম এবং ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে প্রযুক্তিগত সমন্বয়ের কাজ চলছে। সব কার্যক্রম একই সার্ভারের আওতায় এনে বিমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কতটি প্রতিষ্ঠানকে কী পরিমাণ জরিমানা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

একটি বেসরকারি বিমা কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি নির্দেশনার পর তারা কমিশন দেওয়া বন্ধ করে দেয়। এরপর প্রতিদ্বন্দ্বী কয়েকটি প্রতিষ্ঠান কমিশনের প্রলোভন দেখিয়ে তাদের পুরোনো গ্রাহকদের কাছ থেকে অন্তত ১৩ কোটি টাকার ব্যবসা নিয়ে গেছে।

রিলায়েন্স ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. খালেদ মামুন টিবিএসকে বলেন, তাদের প্রতিষ্ঠানে কমিশন দিয়ে ব্যবসা করার প্রচলন নেই। কমিশন বন্ধের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে তারা এ ধরনের লেনদেন থেকে বিরত রয়েছেন।

তবে অন্য কয়েকটি কোম্পানি গ্রাহকদের কমিশন দিচ্ছে বলে বিভিন্ন সূত্রে শুনেছেন তিনি। এর প্রভাবে তাদের অনেক গ্রাহক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে চলে গেছেন। বিশেষ করে মেরিন বিমার ক্ষেত্রে গ্রাহক হারানোর প্রবণতা বেশি বলে জানান তিনি।

ব্যবসায়িক ক্ষতির পরিমাণ তুলে ধরে খালেদ মামুন বলেন, তাদের প্রতিষ্ঠানের ব্যবসা প্রায় ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি প্রতি প্রান্তিকে গড়ে ৪০০ থেকে ৫০০ কোটি টাকার ব্যবসা করে। সেই হিসাবে ১০ শতাংশ হ্রাসের অর্থ প্রতি প্রান্তিকে ৪০ থেকে ৫০ কোটি টাকার ব্যবসা কমে যাওয়া।

কমিশনের কারণে ঠিক কতজন গ্রাহক প্রতিষ্ঠান ছেড়েছেন, তার নির্দিষ্ট হিসাব দেওয়া কঠিন বলে জানান তিনি। কারণ, পুরোনো গ্রাহক হারানোর পাশাপাশি নতুন ব্যবসা পাওয়ার ক্ষেত্রেও বাধার মুখে পড়তে হচ্ছে।

কমিশন বন্ধের নির্দেশনা বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করে খালেদ মামুন বলেন, সরকার সিদ্ধান্ত দিলেও বাস্তবে তা কতটা কার্যকর হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অতীতেও কমিশন বন্ধের উদ্যোগ পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এবারও একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে। তার মতে, নিয়ম অমান্য করে কমিশন দেওয়ার চর্চা চললে নির্দেশনা মেনে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় টিকতে সমস্যায় পড়বে।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি বিমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেন, বেশি কমিশনের প্রলোভনে গ্রাহককে বিমা করানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি দেখা দিতে পারে দাবি পরিশোধের সময়। বিশেষ করে মেরিন বিমায় জাহাজডুবি কিংবা পণ্য ক্ষতিগ্রস্ত হলে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয়।

ওই কর্মকর্তা জানান, তাদের প্রতিষ্ঠানে ক্ষতিপূরণসংক্রান্ত প্রতিবেদন পাওয়ার পর দ্রুত বিমা দাবি নিষ্পত্তি করা হয়। বিমানবন্দরে অগ্নিকাণ্ড বা দুর্ঘটনায় আমদানিকারকদের পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাতেও তারা ক্ষতিপূরণ দিয়েছেন।

তার বক্তব্য, যেসব ছোট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কমিশন দিয়ে ব্যবসা নেওয়ার অভিযোগ রয়েছে, তাদের আর্থিক সক্ষমতা পর্যাপ্ত না হলে বড় অঙ্কের বিমা দাবি কীভাবে পরিশোধ করবে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। তাই কমিশনের প্রলোভনে বিমা কোম্পানি নির্বাচন না করে গ্রাহকদের প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য, দাবি নিষ্পত্তির অতীত রেকর্ড ও নির্ভরযোগ্যতা যাচাই করা উচিত।

কমিশন বন্ধে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা

আইডিআরএর নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নন-লাইফ বিমা ব্যবসায় ব্যক্তি এজেন্ট নিয়োগের সুযোগ বন্ধ রয়েছে। একই সঙ্গে ব্যক্তি এজেন্টকে কমিশন কিংবা কমিশনের নামে অন্য কোনো আর্থিক সুবিধা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর নন-লাইফ বিমা কোম্পানিগুলোর ব্যক্তি এজেন্টের লাইসেন্স স্থগিত করে সার্কুলার জারি করে আইডিআরএ। বিমা পলিসির গ্রাহকদের স্বার্থ রক্ষা, বিমা প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তি শক্তিশালী করা এবং সামগ্রিক বিমা খাতের উন্নয়নের উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, নির্দেশনা অমান্য করা হলে তা বিমা আইন, ২০১০-এর ৫৮(১) ধারার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।

খাতসংশ্লিষ্টদের মতে, বহুজাতিক বিমা কোম্পানিগুলো সাধারণত কমিশননির্ভর ব্যবসায় তুলনামূলকভাবে কম জড়িত। অন্যদিকে, কমিশন বন্ধের সিদ্ধান্তের পর দেশীয় কিছু প্রতিষ্ঠান গ্রাহক হারিয়েছে। বিশেষ করে পোশাক, বস্ত্র ও ব্যবসা-বাণিজ্য খাতের যেসব প্রতিষ্ঠান আগে এসব কোম্পানি থেকে বিমা পলিসি কিনত, তাদের অনেকে কমিশনের প্রস্তাব পাওয়া প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর দিকে ঝুঁকেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21585 ,   Print Date & Time: Tuesday, 10 November 2026, 12:01:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh