• হোম > জাতীয় | প্রধানমন্ত্রী | বাংলাদেশ > সরকারি অফিসে নয়, রাজনৈতিক সমর্থন দেখাতে হবে ব্যালটে: তারেক রহমান

সরকারি অফিসে নয়, রাজনৈতিক সমর্থন দেখাতে হবে ব্যালটে: তারেক রহমান

  • সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১১:২৪
  • ২৭

---

বাসস

সরকারি দপ্তরে সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির মুখে না পড়েন, তা নিশ্চিত করার জন্য নবীন বিসিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, পেশাগত দক্ষতা ও মানবিক আচরণকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখারও নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, সরকারি কর্মকর্তাদের দায়িত্ব কেবল নিয়ম মেনে কাজ করা নয়, বরং নাগরিকদের প্রতি সহানুভূতিশীল আচরণের মাধ্যমে জনসেবাকে সহজ ও হয়রানিমুক্ত করা।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। চার মাসব্যাপী প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে জনগণ তাদের কাছ থেকে শুধু আদেশ-নির্দেশ নয়, মানবিকতাও প্রত্যাশা করে। তাই সরকারি সেবা গ্রহণের সময় কোনো নাগরিক যাতে ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে দায়িত্বশীলদের সতর্ক থাকতে হবে।

প্রশাসনে রাজনৈতিক নিরপেক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘কোনো রাজনৈতিক দলের প্রতি কর্মকর্তাদের ব্যক্তিগত সমর্থন থাকাটা দোষের নয়। তবে সেই সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।’

বর্তমান সরকারও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে জনগণ যে ইশতেহারের পক্ষে ভোট দিয়েছেন, সেটি এখন জনগণের ইশতেহার ও জনগণের দলিল। তাই সেই ইশতেহার বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের সামগ্রিক সাফল্য অর্জনে দক্ষ, সৎ ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন প্রয়োজন। এসব গুণাবলি একজন কর্মকর্তার ব্যক্তিগত কর্মজীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি রাষ্ট্র ও সরকারকেও এগিয়ে নেয়।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘একাডেমিক জ্ঞান অর্জনের পর ব্যবহারিক জীবনে সেই জ্ঞান প্রয়োগের কলাকৌশল তারা প্রশিক্ষণের মাধ্যমে শিখেছেন। এখন সরকারি প্রশাসনে যে যার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে অর্জিত জ্ঞানের প্রতিফলন ঘটাতে হবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে কর্মকর্তাদের কর্মস্থল ও দায়িত্বের ধরন আলাদা হতে পারে। কিন্তু তাদের সবার প্রথম ও প্রধান পরিচয় জনপ্রশাসনের কর্মকর্তা। জনগণের সেবা করাই তাদের মূল দায়িত্ব। সরকারি কর্মকর্তা হিসেবে কোন কাজ করা উচিত এবং কোনটি করা উচিত নয়, তা তারা নিজেরাই জানেন। তবে কর্মক্ষেত্রে সেই জ্ঞান প্রয়োগের সদিচ্ছা থাকা প্রয়োজন।

নাগরিকদের সঙ্গে আচরণের ক্ষেত্রে নিজের প্রত্যাশাকে বিবেচনায় রাখার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জীবনের বিভিন্ন পর্যায়ে প্রত্যেকেরই অন্যের সহযোগিতা প্রয়োজন হয়। নিজেরা অন্যের কাছ থেকে যে ধরনের ব্যবহার আশা করেন, সেবা নিতে আসা মানুষের সঙ্গেও একই রকম আচরণ করতে হবে।

এ প্রসঙ্গে তিনি আবেদনপত্রের ভুলের উদাহরণ তুলে ধরেন। তারেক রহমান বলেন, কোনো নাগরিকের আবেদনপত্রে ত্রুটি থাকলে শুধু ভুলের কথা জানিয়ে তাকে ফিরিয়ে দেওয়া ঠিক নয়। বরং কোথায় ভুল হয়েছে, সেটি নির্দিষ্ট করে দেখিয়ে দেওয়ার পাশাপাশি কোথায় গিয়ে সংশোধন করতে হবে, সে বিষয়ে পরামর্শ দেওয়া উচিত। তার মতে, এমন আচরণই মানবিকতা ও আন্তরিকতার পরিচয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের বিধিবদ্ধ নিয়ম ও আইন মেনেই দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ হচ্ছে কি না, সেটিও বিবেচনায় রাখতে হবে। আধুনিক রাষ্ট্র ও প্রশাসন পরিচালনায় এ বিষয়টির গুরুত্ব রয়েছে।

পছন্দের পদে পদায়ন কিংবা পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের যেকোনো স্থানে জনপ্রশাসনের যেকোনো পদে দায়িত্ব পালনের মানসিক প্রস্তুতি থাকাই পেশাদারিত্বের পরিচয়। সরকার যেমন স্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়।

প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা সহজ ও নাগরিকবান্ধব করার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক মানসিকতা প্রয়োজন বলে জানান তিনি। নবীন কর্মকর্তাদের এ কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়েও কর্মকর্তাদের সচেতন হওয়ার পরামর্শ দেন তারেক রহমান। তিনি বলেন, ঘরবাড়ি, অফিস-আদালতসহ আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন পরিবেশ ও দেশ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ অন্যরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21581 ,   Print Date & Time: Monday, 9 November 2026, 02:51:02 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh