![]()
ইবি রিপোর্ট
শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে তিন তালিকাভুক্ত কোম্পানি। পদ্মা অয়েল পিএলসি দেবে ১৭০ শতাংশ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ১০ শতাংশ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ৫ শতাংশ। তবে লাভেলো ও ট্রাস্ট ইসলামী লাইফের লভ্যাংশ পাবেন শুধু সাধারণ শেয়ারহোল্ডাররা।
অন্যদিকে প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়ে ৩ টাকা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
পদ্মা অয়েল
২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার ভিত্তিতে পদ্মা অয়েল ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীরা পাবেন ১৭ টাকা।
এ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৯ টাকা ৪৭ পয়সা, আগের বছর ছিল ৫৭ টাকা ৩০ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৩২৮ টাকা ৩৩ পয়সা, যা আগে ছিল ২৭৪ টাকা ৮৬ পয়সা। শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ৬৩ টাকা ৭২ পয়সা। আগের অর্থবছরে এটি ছিল ঋণাত্মক ৩৯ টাকা ৮৩ পয়সা।
লাভেলো আইসক্রিম
তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। উদ্যোক্তা ও পরিচালকরা এ লভ্যাংশ পাবেন না। সাধারণ বিনিয়োগকারীদের ৬ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৭৫০টি শেয়ারের বিপরীতে মোট ৬ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৭৫০ টাকা বিতরণ হবে।
কোম্পানিটির ইপিএস ২ টাকা ৫৩ পয়সা। পুনর্মূল্যায়নের পর আগের অর্থবছরে এটি ছিল ১ টাকা ৫৭ পয়সা। শেয়ারপ্রতি এনএভি বেড়ে ১২ টাকা ৯২ পয়সা হয়েছে, আগে ছিল ১১ টাকা ৪৪ পয়সা। শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ৭ টাকা ৩৪ পয়সা, আগের বছর ৩ টাকা ২৮ পয়সা।
ট্রাস্ট ইসলামী লাইফ
ট্রাস্ট ইসলামী লাইফ ২০২৫ সালের ব্যবসার ভিত্তিতে সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। উদ্যোক্তা ও পরিচালকদের ২ কোটি ৪০ লাখ শেয়ারের বিপরীতে কোনো লভ্যাংশ দেওয়া হবে না। সাধারণ বিনিয়োগকারীদের ১ কোটি ৬০ লাখ শেয়ারের জন্য মোট ৮০ লাখ টাকা বিতরণ হবে।
২০২৫ সালে কোম্পানির ইপিএস ২০ পয়সা, আগের বছরও একই ছিল। এনএভি দাঁড়িয়েছে ১২ টাকা ৫৫ পয়সা, আগে ছিল ১২ টাকা ১৩ পয়সা। শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ ২ টাকা ১০ পয়সা, আগের বছর ১ টাকা ৬১ পয়সা।
এজিএম ও রেকর্ড ডেট
পদ্মা অয়েলের এজিএম হবে ১ জানুয়ারি ২০২৭, রেকর্ড ডেট ২৯ নভেম্বর ২০২৬। লাভেলো আইসক্রিমের এজিএম ২৯ ডিসেম্বর ২০২৬ এবং রেকর্ড ডেট ৩০ নভেম্বর। ট্রাস্ট ইসলামী লাইফের এজিএম ২৩ ডিসেম্বর ২০২৬, রেকর্ড ডেট ২৬ নভেম্বর ২০২৬।
গোল্ডেন সন
গোল্ডেন সনের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। এ বছর সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) ৩ টাকা। আগের ২০২৪-২৫ অর্থবছরে তা ছিল ১ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ এক বছরে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১ টাকা ১৭ পয়সা।
২০২৬ সালের ৩০ জুন শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৩ টাকা ৭ পয়সা। আগের অর্থবছর শেষে ছিল ১৬ টাকা ৬ পয়সা, অর্থাৎ কমেছে ২ টাকা ৯৯ পয়সা। তবে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) ৩৭ পয়সা, যা আগে ছিল ২৮ পয়সা।
কোম্পানিটির এজিএম হবে ২৬ ডিসেম্বর ২০২৬ বেলা সাড়ে ১১টায়। কারখানা প্রাঙ্গণে সরাসরি উপস্থিতি ও অনলাইন প্ল্যাটফর্মের সমন্বয়ে হাইব্রিড পদ্ধতিতে সভা হবে। রেকর্ড ডেট ২৯ নভেম্বর ২০২৬। গোল্ডেন সন সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে ১ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে লোকসান বাড়ায় পর্ষদ এবার কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।