• হোম > আন্তর্জাতিক | বিদেশ > ইউরোপযাত্রায় আটলান্টিকে নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২১জনের

ইউরোপযাত্রায় আটলান্টিকে নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২১জনের

  • রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৬:৩৮
  • ১১

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

উন্নত জীবনের আশায় আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় প্রাণ হারিয়েছেন অন্তত ২১ অভিবাসী। সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে এই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো জানা যায়নি।

রোববার সেনেগাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার সেনেগালের উত্তর-পশ্চিম উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করা নৌকাটি উত্তাল সমুদ্রে ডুবে যায়।

সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার অভিযান চালিয়ে ডুবে যাওয়া নৌকার আশপাশের এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এদিকে সেনেগালের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিএস সরকারি একটি সূত্রের বরাতে জানিয়েছে, দুর্ঘটনায় নিহত অন্তত ২০ জনের মরদেহ সৈকতে ভেসে এসেছে। তবে নৌকাটিতে কতজন অভিবাসী ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আফ্রিকা থেকে সমুদ্রপথে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জসহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন বিশ্বের বিভিন্ন অঞ্চলের অভিবাসীরা। এ ক্ষেত্রে সেনেগালের উপকূলকে যাত্রাপথের একটি ট্রানজিট হিসেবে ব্যবহার করা হয়।

এপিএসের তথ্য অনুযায়ী, অল্প সময়ের ব্যবধানে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুধু শনিবারেই সাত শতাধিক অভিবাসী ওই দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। আর এক সপ্তাহে স্পেনের এল হিয়েরো দ্বীপে আশ্রয় নিয়েছেন ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী।

অভিবাসীদের ক্রমবর্ধমান আগমন সামাল দিতে এরই মধ্যে এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21532 ,   Print Date & Time: Sunday, 8 November 2026, 10:52:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh