• হোম > আন্তর্জাতিক | খেলা > অস্ট্রেলিয়ার বল টেম্পারিং বিতর্কে নতুন প্রশ্ন ইংল্যান্ড কিংবদন্তির

অস্ট্রেলিয়ার বল টেম্পারিং বিতর্কে নতুন প্রশ্ন ইংল্যান্ড কিংবদন্তির

  • রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৬:১১
  • ১০

---

ইবি স্পোর্টস ডেস্ক

আট বছর আগে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ঘটে যাওয়া স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজার প্রকাশিত হতে যাওয়া আত্মজীবনীমূলক বই ‘সবর’-এ দেওয়া বক্তব্য ঘিরে আলোচনায় এসেছে সেই ঘটনা। খাজার দাবি, বল বিকৃতির ঘটনায় শুধু অভিযুক্ত তিন ক্রিকেটার নন, দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের অনেকেই বিষয়টি সম্পর্কে জানতেন। তবে তার এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার স্যার জিওফ্রে বয়কট।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় ক্যামেরন ব্যানক্রফট, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ দোষী সাব্যস্ত হন। কিন্তু খাজার ভাষ্য অনুযায়ী, পুরো দলের জানা ছিল বল নিয়ে কারসাজির পরিকল্পনার কথা। অন্যদের হয়ে এই তিন ক্রিকেটার দায় নিজেদের কাঁধে নিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

খাজা আরও জানান, ওই সময় অস্ট্রেলিয়ার প্রধান কোচ ড্যারেন লেহম্যানও বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। এমনকি স্যান্ডপেপার ব্যবহার করে বলের আকৃতি পরিবর্তনের আগে মূল অভিযুক্ত ব্যানক্রফটের সঙ্গে লেহম্যানের দীর্ঘ আলোচনা হয়েছিল বলে দাবি করেন তিনি। তবে খাজার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন সাবেক এই কোচ।

খাজার নতুন এই দাবির সত্যতা নিয়ে আলোচনা চললেও বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন বয়কট। সবশেষ অ্যাশেজ টেস্ট সিরিজের পর অবসর নেওয়া এই ব্যাটার মনে করেন, পুরো দল যদি ঘটনাটি সম্পর্কে জানত, তাহলে কেউ এর প্রতিবাদ করেননি কেন, সেই ব্যাখ্যা প্রয়োজন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বয়কট খাজার বক্তব্যের বিষয়ে নিজের প্রশ্ন তুলে ধরেন। তিনি লিখেছেন, ‘আমি খাজার কাছে ব্যাখ্যা জানতে চাই, কীভাবে পুরো দল প্রতারণা করার পর্যায়ে পৌঁছাল, যেখানে কেউ বা কোনো খেলোয়াড় বলেনি যে এটা ঠিক নয় এবং এর অংশ হতে অস্বীকার করেনি।’


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21524 ,   Print Date & Time: Sunday, 8 November 2026, 10:30:27 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh