![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। শনিবার আল-শারিয়া গ্রামে চালানো এ হামলায় আহত হয়েছেন আরও ৩৯ জন। এর আগে ২২ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার নতুন করে নিহতের সংখ্যা ৩৩ হওয়ার কথা জানিয়েছেন হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনিস আলআসবাহি জানান, সৌদি বিমান হামলায় ৩৩ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৯ জন আহত হয়েছেন।
তিনি আরও জানান, শনিবার হামলার পর উদ্ধারকাজে অংশ নিতে প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছালে তাঁদের লক্ষ্য করেও দ্বিতীয় দফায় হামলা চালানো হয়।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সৌদি আরব সমর্থিত বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরুর পর থেকে ইয়েমেনে ১ হাজার ৬০০ মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ।
হুথি-সংশ্লিষ্ট আল-মাসিরাহ টেলিভিশনের প্রকাশিত ভিডিও প্রতিবেদনে হামলাস্থলের ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে। সেখানে দেখা যায়, বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে এবং সেগুলোর ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।
তবে সানায় চালানো এ হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি সৌদি আরব।
এদিকে, সৌদি হামলার পর রোববার সকালে দেশটিকে লক্ষ্য করে অন্তত পাঁচটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ার কথা জানিয়েছে হুথিরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে অন্তত একটি মিসাইল রিয়াদের আরামকো টাওয়ারে আঘাত হেনেছে।
এএফপিকে দুই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তাঁরা আরামকো টাওয়ারে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখতে পেয়েছেন। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। দেশটির পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, হুথিদের ছোড়া সব মিসাইল প্রতিহত করা হয়েছে।
সূত্র: দ্য নিউ আরব ও এএফপি