• হোম > আন্তর্জাতিক | বিদেশ > সৌদি আরবে বাড়ছে হামলা, রিয়াদে দুটি মিসাইল প্রতিহত

সৌদি আরবে বাড়ছে হামলা, রিয়াদে দুটি মিসাইল প্রতিহত

  • রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৫:৩৬
  • ১৩

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের পর এবার দেশটির রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ছোড়া দুটি মিসাইলই প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে সতর্কতা জারি করা হয়। এর কিছুক্ষণ পর ওই অঞ্চলে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল শনাক্ত ও ভূপাতিত করার কথা জানায় সৌদি কর্তৃপক্ষ।

এর প্রায় দুই ঘণ্টা পর রাজধানী রিয়াদকে লক্ষ্য করে আরও দুটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে ইয়েমেনের বিদ্রোহীরা। সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়, মিসাইল দুটি সফলভাবে প্রতিহত করা হয়েছে।

গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা বেড়েছে। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের সংঘাত আরও তীব্র হয়েছে।

এর আগে গতকাল সৌদি বিমানবাহিনী ইয়েমেনের রাজধানী সানার একটি গ্রামে বিমান হামলা চালায়। ওই হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এর পরপরই সৌদি আরবকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক মিসাইল ছোড়ে হুথি বিদ্রোহীরা।

জুলাইয়ের আগে দীর্ঘদিন সৌদি আরব ও হুথিদের মধ্যে পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে ওই মাসে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত সরকারের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন একটি ফ্রন্ট তৈরি হয়েছে।

এরপর থেকে সৌদি আরব নিয়মিতভাবে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। পাল্টা জবাবে তেলসমৃদ্ধ সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলার মাত্রা বাড়িয়েছে হুথি গোষ্ঠী।

সূত্র: আলজাজিরা


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21507 ,   Print Date & Time: Sunday, 8 November 2026, 10:22:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh