![]()
ইবি আন্তর্জাতিক ডেস্ক
অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক কার্যক্রমের সম্প্রসারণে অক্টোবরে গতি ফিরেছে ভারতের সেবা খাতে। গত চার মাসের মধ্যে এ খাতে সর্বোচ্চ প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে চাহিদার দুর্বলতা, রপ্তানি আদেশ কমে যাওয়া এবং কর্মী নিয়োগে ধীরগতি প্রবৃদ্ধির পথে কিছুটা চাপ তৈরি করেছে।
বুধবার প্রকাশিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এইচএসবিসির ভারতের সার্ভিসেস পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) অনুযায়ী, অক্টোবরে সেবা খাতের সূচক বেড়ে ৫৫ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের মাস সেপ্টেম্বরে এ সূচকের অবস্থান ছিল ৫৫ দশমিক ২ পয়েন্ট। যদিও অক্টোবরে প্রাথমিক পূর্বাভাসে পিএমআই ৫৬ দশমিক ২ পয়েন্টে পৌঁছানোর প্রত্যাশা করা হয়েছিল। সূচকটির মান ৫০ পয়েন্টের বেশি হলে সংশ্লিষ্ট খাতে প্রবৃদ্ধি এবং ৫০-এর নিচে থাকলে সংকোচন বোঝায়।
জরিপের তথ্য বলছে, সেবা খাতের চাহিদা পরিমাপের অন্যতম সূচক নতুন ব্যবসায়িক কার্যক্রম জুনের পর সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারে শক্তিশালী চাহিদা এ ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে। বিপরীতে আন্তর্জাতিক বাজার থেকে আসা চাহিদা ছিল দুর্বল। ফলে নতুন রপ্তানি আদেশের প্রবৃদ্ধি গত ৪৫ মাসের মধ্যে অন্যতম নিম্ন পর্যায়ে নেমে এসেছে।
কর্মসংস্থানের ক্ষেত্রেও প্রবৃদ্ধির গতি কমেছে। জুনের পর অক্টোবরে কর্মী নিয়োগ সবচেয়ে ধীরগতিতে হয়েছে। গত ১০ মাসের মধ্যে এ সময়ে নিয়োগের হার ছিল সর্বনিম্ন। অর্থাৎ ব্যবসায়িক কার্যক্রম বাড়লেও নতুন কর্মী নিয়োগে প্রতিষ্ঠানগুলোর তেমন তৎপরতা দেখা যায়নি।
অন্যদিকে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে বলে জরিপে উঠে এসেছে। গ্রাহকদের কাছে পণ্য ও সেবা বিক্রির দাম গত চার মাসের মধ্যে সবচেয়ে ধীরগতিতে বেড়েছে। পাশাপাশি উৎপাদন ও পরিচালন ব্যয়ের মূল্যস্ফীতি ছয় বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তবে বিদ্যুৎ, শ্রম, কাঁচামাল ও পরিবহন খাতে ব্যয় বাড়ার কথা জানিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান।
ব্যবসায়িক আস্থার ক্ষেত্রেও কিছুটা দুর্বলতা দেখা গেছে। সেপ্টেম্বরে তুলনায় অক্টোবরে ভবিষ্যৎ ব্যবসা নিয়ে প্রতিষ্ঠানগুলোর আশাবাদ কমেছে। যদিও প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে তারা ইতিবাচক, তবু এ আশাবাদের মাত্রা দীর্ঘমেয়াদি গড়ের নিচে রয়েছে।
এদিকে উৎপাদন ও সেবা—দুই খাতের কার্যক্রম নিয়ে তৈরি কম্পোজিট পিএমআই সূচকও অক্টোবরে বেড়েছে। সেপ্টেম্বরে ৫৫ দশমিক ৯ পয়েন্ট থাকা এ সূচক গত মাসে ৫৬ দশমিক ২ পয়েন্টে পৌঁছেছে। গত চার মাসের মধ্যে এটিই সর্বোচ্চ অবস্থান।