• হোম > আন্তর্জাতিক | বিদেশ > ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইউএফসি চেয়ারম্যান ডানা হোয়াইট

ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইউএফসি চেয়ারম্যান ডানা হোয়াইট

  • রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৪:৩৫
  • ১৯

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

ইউএফসির লড়াইয়ের মঞ্চ থেকে এবার হোয়াইট হাউসের মুখপাত্রের দায়িত্ব—এমন প্রস্তাবই পেয়েছিলেন ডানা হোয়াইট। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই প্রস্তাব গ্রহণ করেননি তিনি। এ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব পেয়েও দায়িত্ব নিতে রাজি হননি আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ডানা হোয়াইট। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ট্রাম্পের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডানা হোয়াইটকে নতুন প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়ার কথা জানান ট্রাম্প। সেখানে ইউএফসি প্রধানকে ‘লড়াকু যোদ্ধা’ হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ডানা হোয়াইটকে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি একজন লড়াকু যোদ্ধা।’

একই পোস্টে ইউএফসির ছয়জন যোদ্ধার নাম উল্লেখ করে তাঁদের সহকারী হিসেবে সঙ্গে রাখার পরামর্শ দেন ট্রাম্প। তাঁদের ছবিও যুক্ত করেন পোস্টের সঙ্গে। তিনি বলেন, ‘“উন্মাদ” বামপন্থীদের হাত থেকে আমাদের রক্ষা করতে এসব মানুষকে প্রয়োজন। ডানা হবেন অন্য রকম প্রেস সেক্রেটারি। ডানা, দয়া করে দায়িত্বটি গ্রহণ করুন!’

তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের এই প্রস্তাব ছিল নিছক রসিকতা। অন্যদিকে, গতকাল এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি ডানা হোয়াইট। শুধু জানিয়েছেন, সোমবার ওয়াশিংটন ডিসিতে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তাঁর।

এদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে নিয়োগ নিয়ে ট্রাম্প প্রশাসনে বেশ কিছুদিন ধরেই অনিশ্চয়তা চলছে। ক্যারোলাইন লেভিট দায়িত্ব ছাড়ার পর নতুন মুখ খুঁজছিলেন ট্রাম্প। এর মধ্যে কেটি জাকারাইয়াকে এ পদে নিয়োগ দেওয়া হলেও মাত্র পাঁচ দিনের মাথায় তাঁকে সরিয়ে দেওয়া হয়। একটি সংবাদ সম্মেলন যথাযথভাবে পরিচালনা করতে না পারার কারণেই ট্রাম্প তাঁকে বরখাস্ত করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেস সেক্রেটারি হিসেবে এটিই ছিল সবচেয়ে কম সময় দায়িত্ব পালনের ঘটনা।

অন্যদিকে, প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে গত আগস্টে প্রেস সেক্রেটারির পদ ছাড়েন ক্যারোলাইন লেভিট। সন্তানদের সঙ্গে বেশি সময় কাটানোর উদ্দেশ্যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন। চলতি মাসে তিনি ফক্স নিউজে যোগ দিয়েছেন।

প্রেস সেক্রেটারি নিয়োগের এই প্রক্রিয়ার পেছনে রাজনৈতিক চাপও কাজ করছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে দলটি। এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসের এই পদে উপযুক্ত ব্যক্তি নির্বাচন প্রেসিডেন্টের জন্য আরও কঠিন হয়ে উঠেছে।

ট্রাম্পের সঙ্গে ডানা হোয়াইটের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা রয়েছে। রিপাবলিকান পার্টির সর্বশেষ তিনটি জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়েছেন ইউএফসি প্রধান। ট্রাম্পকে পুনরায় হোয়াইট হাউসে ফিরিয়ে আনার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল।

চলতি বছরের শুরুতে ডানা হোয়াইটের রাজনৈতিক ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘তিনি আমাকে এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, যাদের সম্পর্কে আগে কখনো শুনিনি। তরুণ সব ছেলে। আমি দেখলাম, ২০ বছর বয়সী ছেলেরা আমার সাক্ষাৎকার নিচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এসব মানুষের সঙ্গে আপনার পরিচয় হলো কীভাবে? তারা হলো ইনফ্লুয়েন্সার।’

এদিকে, ডানা হোয়াইটের প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউস ও ইউএফসির সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: সিএনএন


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21485 ,   Print Date & Time: Sunday, 8 November 2026, 04:17:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh