• হোম > আন্তর্জাতিক | বিদেশ > ইরান যুদ্ধ নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে মার্কিন রাষ্ট্রদূত

ইরান যুদ্ধ নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে মার্কিন রাষ্ট্রদূত

  • রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৪:২৭
  • ১৬

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনাকারীদের ‘শয়তানের প্রভাবে’ রয়েছেন বলে মন্তব্য করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। তাঁর এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে সমালোচনার সৃষ্টি হয়েছে। দেশটির রক্ষণশীল রাজনৈতিক অঙ্গনের একাংশ থেকেও আপত্তি জানানো হয়েছে তাঁর মন্তব্যের বিরুদ্ধে।

গত ২৩ অক্টোবর ইসরায়েলি উপস্থাপক আমির তসারফাতির সঞ্চালনায় ‘দ্য অ্যাঙ্কর পডকাস্ট’-এ অংশ নিয়ে এসব কথা বলেন হাকাবি।

সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে যুদ্ধের সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘শয়তান তাদের মনকে অন্ধ করে দিয়েছে’ এবং তাদের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করছে। একই সঙ্গে যুদ্ধের বিরোধিতাকারীরা ‘আধ্যাত্মিক অন্ধকার ও আধ্যাত্মিক অন্ধত্বে’ ভুগছেন বলেও মন্তব্য করেন তিনি।

গত সপ্তাহান্তে পডকাস্টের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হাকাবির বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়। তাঁর মন্তব্য ঘিরে বিতর্ক যুক্তরাষ্ট্রের রক্ষণশীল মহলেও পৌঁছেছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এ আলোচনা আরও জোরালো হয়েছে। এবারের নির্বাচনকে ট্রাম্প প্রশাসনের নীতির প্রতি জনগণের সমর্থন যাচাইয়ের একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এর মধ্যে ইরান যুদ্ধের প্রতি মার্কিন নাগরিকদের অবস্থানও আলোচনায় এসেছে।

যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সাময়িকী ‘দ্য আমেরিকান কনজারভেটিভ’-এর জ্যেষ্ঠ সম্পাদক অ্যান্ড্রু ডে সামাজিক যোগাযোগমাধ্যমে হাকাবির বক্তব্যের সমালোচনা করেছেন।

তিনি লেখেন, ‘ইরান যুদ্ধের বিরোধিতাকারীরা শয়তানের নিয়ন্ত্রণে রয়েছেন- এমন তত্ত্ব দেওয়ার সময় রাষ্ট্রদূত হাকাবি বলছেন, একজন রাষ্ট্রদূতের এভাবে কথা বলা কিছুটা অদ্ভুত শোনাতে পারে। হ্যাঁ, আসলেই তা অদ্ভুত!’

হাকাবির মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের মতপার্থক্য আবারও আলোচনায় এসেছে। যুদ্ধের পক্ষে-বিপক্ষে অবস্থান এবং এ নিয়ে রাজনৈতিক বক্তব্যের প্রভাব এখন দেশটির অভ্যন্তরীণ আলোচনারও অংশ হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/21477 ,   Print Date & Time: Sunday, 8 November 2026, 04:47:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh