![]()
ইবি বিনোদন ডেস্ক
সাংবাদিককে হেনস্তা, হত্যার হুমকি এবং জাতীয় সংগীতের সঙ্গে অশালীন বক্তব্য যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এসব ঘটনার জন্য সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, অঙ্গভঙ্গি ও অভিনয় থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি চলচ্চিত্র, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল, স্থিরচিত্র, গ্রাফিক্স কিংবা অন্য কোনো মাধ্যমে অশ্লীল সংলাপ, হুমকি, অভিনয়, অঙ্গভঙ্গি এবং নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য প্রদর্শন থেকে বিরত থাকতে হবে। এসব কর্মকাণ্ডের কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য না থাকলে তা সম্পূর্ণ বন্ধ করার কথাও উল্লেখ করা হয়েছে।
একই সময়সীমার মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ নোটিশ জারি করে পরীমনির বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
নোটিশের বিবরণ অনুযায়ী, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্মসমর্পণের পর আদালত থেকে জামিন পান পরীমনি। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আদালত প্রাঙ্গণে সাংবাদিকেরা তাঁর ছবি ও ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি হয়। এ সময় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল ফোন পরীমনি কেড়ে নেন এবং তাঁর নিরাপত্তারক্ষীরা ভিডিও ধারণের ট্রাইপড ভেঙে ফেলেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
ওই ঘটনায় জাগো নিউজের প্রতিবেদক আশিকুজ্জামান, মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল কাউছার, আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন এবং টাইমস টুডের শাহ রিয়াজ আহত হন। সুজন চন্দ্র মণি দাস নামে একজন বিচারপ্রার্থীও আহত হন। তাঁর মাথা ফেটে রক্ত বের হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়।
নোটিশে আরও অভিযোগ করা হয়, আদালত থেকে বের হওয়ার পর পরীমনি রবিউল হোসাইনের দিকে তেড়ে গিয়ে বলেন, ‘এদিকে আয়। আমার হাত এভাবে ধরলি কেন?’ এরপর অশ্লীল ভাষায় গালাগাল এবং ‘তোকে পাড়িয়ে মেরে ফেলব’ বলে হুমকি দেন। এ ঘটনার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। আইনজীবীর বক্তব্য, একজন সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ তাঁর পেশাগত মর্যাদা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
এ ছাড়া গত ৬ নভেম্বর পরীমনির ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় সংগীত ব্যবহার করে ‘পোলাদের … আমাদের সহিদ ভাই শিখায়ে দিয়ে গেছে তো! তাই না?’ লেখা একটি পোস্ট দেওয়ার বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে।
আইনজীবী উল্লেখ করেন, একজন চলচ্চিত্রশিল্পীর আচরণ, পোশাক, কথাবার্তা ও অঙ্গভঙ্গি অনেকেই অনুসরণ করেন। তাই এ ধরনের কর্মকাণ্ড শিশু-কিশোর ও তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
নোটিশে সংবিধানের ৪(১) অনুচ্ছেদ এবং ‘দ্য বাংলাদেশ ন্যাশনাল অ্যান্থেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার ১৯৭২’-এর বিধান উল্লেখ করা হয়েছে। ২০১০ সালের সংশোধন অনুযায়ী, জাতীয় সংগীত, পতাকা বা প্রতীকের বিধান লঙ্ঘনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে বলে জানানো হয়েছে।
এ ছাড়া দণ্ডবিধির ৫০৩ ও ৫০৬ ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং হত্যার হুমকির শাস্তি, ৫০৪ ধারায় ইচ্ছাকৃত অপমান এবং ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির বিধানের বিষয়টিও তুলে ধরা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, এসব ঘটনার পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সভাপতি বা সাধারণ সম্পাদক কোনো সাংগঠনিক কিংবা আইনগত ব্যবস্থা নেননি। এতে সমিতির ভাবমূর্তি ও সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।